‘স্কাউটিং শিশু-কিশোরদের সুনাগরিক ও আত্মনির্ভরশীল হতে শেখায়’: এমপি শহিদুল ইসলাম বাবুল

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
১১ অক্টোবর, ২০২৬ ৫:০৮ পিএম
শেয়ার করুন:
‘স্কাউটিং শিশু-কিশোরদের সুনাগরিক ও আত্মনির্ভরশীল হতে শেখায়’: এমপি শহিদুল ইসলাম বাবুল

শিশু-কিশোরদের শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে ফরিদপুরের সদরপুরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ। 

রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় সদরপুর বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস সদরপুর উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহীদুল ইসলাম খান বাবুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস সদরপুর উপজেলা শাখার সভাপতি শরীফ শাওনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বাবুল বলেন, “স্কাউটিং শিশু-কিশোরদের শৃঙ্খলাবোধ, দেশপ্রেম, সত্যবাদিতা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। হিংসা, বিদ্বেষ ও সংঘাত পরিহার করে বন্ধুত্ব ও ভালোবাসার দীক্ষা দেয় স্কাউটিং। এর মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আত্মনির্ভরশীল ও আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠবে, যা একটি সহিংসতামুক্ত সুন্দর সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।”

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, পাঁচ দিনব্যাপী এই আয়োজনে উপজেলার ৫২টি প্রাথমিক বিদ্যালয় অংশ নিচ্ছে। ক্যাম্পুরী প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে ২৬টি তাঁবু, যেখানে দুটি করে ইউনিটের সদস্যরা অবস্থান করছে। প্রতিটি ইউনিটে ১২ জন কাব সদস্য ও দুজন করে ইউনিট লিডার দায়িত্ব পালন করছেন। ঘোষিত সূচি অনুযায়ী, ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত কাব ক্যাম্পুরী এবং ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত স্কাউটস সমাবেশ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মামুনুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু এবং সদস্যসচিব মো. তরিকুল ইসলাম কবির মোল্লা। 

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য এ আয়োজনকে ঘিরে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।