এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"মাদককে না বলুন, খেলাধুলাকে ভালোবাসুন"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে যুবসমাজকে অবক্ষয় ও মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে এক প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। পড়াশোনার পাশাপাশি তরুণদের খেলাধুলামুখী করতে নিজস্ব অর্থায়নে স্থানীয় এক কিশোর ও যুব দলকে নতুন জার্সি ও ফুটবল উপহার দিয়েছেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা।
জানা যায়, গত ৯ অক্টোবর কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবতাছড়ি এলাকার ‘মহাজন পাড়া ক্রীড়া সংঘ’-এর সভাপতি ঋত্বিক তঞ্চঙ্গ্যার নেতৃত্বে তরুণদের একটি প্রতিনিধি দল ক্রীড়াসামগ্রীর প্রয়োজনীয়তা জানিয়ে অজিত কুমার তঞ্চঙ্গ্যার সঙ্গে সাক্ষাৎ করে একটি আবেদনপত্র দেয়। খেলাধুলার প্রতি তরুণদের এমন ইতিবাচক আগ্রহ দেখে তিনি তাৎক্ষণিকভাবে তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
এরই ধারাবাহিকতায় আবেদনের মাত্র একদিন পর, গত ১০ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আনন্দঘন পরিবেশে মহাজন পাড়া ক্রীড়া সংঘের খেলোয়াড়দের হাতে নতুন জার্সি ও ফুটবল তুলে দেওয়া হয়। অপ্রত্যাশিতভাবে এত দ্রুত ক্রীড়াসামগ্রী হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তরুণ খেলোয়াড়রা।
এ প্রসঙ্গে সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা বলেন, "আমি আমার ব্যক্তিগত তহবিল থেকেই এই জার্সি ও ফুটবল উপহার দিয়েছি। এর মূল উদ্দেশ্য একটাই—আমাদের এলাকার নতুন প্রজন্ম যেন কোনোভাবেই মাদকের অন্ধকার পথে পা না বাড়ায়। তারা পড়াশোনার পাশাপাশি নিয়মিত মাঠে খেলাধুলা করবে এবং সুস্থ দেহ ও মন নিয়ে আগামী দিনে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।"
উল্লেখ্য, তরুণদের মাঠমুখী করতে অজিত কুমার তঞ্চঙ্গ্যা এর আগেও বিভিন্ন এলাকার উদীয়মান খেলোয়াড়দের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করেছেন। তাঁর এই ধারাবাহিক উদ্যোগ কাপ্তাইয়ের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করেছে বলে মনে করছেন স্থানীয়রা।
এলাকার প্রবীণ ও সচেতন মহলের মতে, সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের এমন ইতিবাচক পদক্ষেপই পারে তরুণ সমাজকে অপরাধ ও নেশার ভয়াল থাবা থেকে রক্ষা করতে। সবুজ মাঠে তরুণদের এই পদচারণা এলাকাকে মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ক্রিকেট | ১১ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১১ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১১ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১১ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।