এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নিয়ন্ত্রণ এবং শহরের যানজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ফরিদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসক জানান, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জেলার সব পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এর অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলো চিহ্নিতকরণ, আনসার ও পুলিশ সদস্য মোতায়েন, প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারণা প্রতিহত করতে সাইবার নজরদারি জোরদারের তাগিদ দেওয়া হয়। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা মাদকের বিস্তার রোধে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়মিত যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
সভায় শহরের দীর্ঘদিনের সমস্যা যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনায় গতি আনা এবং চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা শক্ত হাতে দমনের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে নদী ও বাজারে নিয়মিত অভিযান চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুস্মিতা সাহা, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন, সরকারি কৌঁসুলি (পিপি) মো. আশরাফ আলী এবং ডেপুটি সিভিল সার্জন ডা. হাফিজুর রহমান।
শিক্ষা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এসএম আব্দুল হালিম, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ ড. নিখিল রঞ্জন বিশ্বাস, সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ আল মাতীন, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরিন আক্তার, জেল সুপার শওকত হোসেন মিয়া, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ এবং বিআরটিএর সহকারী পরিচালক পলাশ খীসা।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সভায় অংশ নেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এবং মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গীসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, জেলার সামগ্রিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের পারস্পরিক সমন্বয় অত্যন্ত জরুরি। তিনি পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে সকল কর্মসূচি সফল করতে ফরিদপুরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ক্রিকেট | ১১ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১১ অক্টোবর, ২০২৬
ফুটবল | ১১ অক্টোবর, ২০২৬
বলিউড | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।