সালথায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
৪ সেপ্টেম্বর, ২০২৬ ৭:০৩ পিএম
শেয়ার করুন:
সালথায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত

নানা আয়োজন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুরের সালথায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

বিকেল সাড়ে ৪টায় সালথা কেন্দ্রীয় মন্দির চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এরপর এটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। 

শোভাযাত্রায় রাধা-কৃষ্ণের যুগল রূপ, রাম-সীতা ও লব-কুশসহ বিভিন্ন পৌরাণিক চরিত্র এবং শ্রীকৃষ্ণের জীবনের নানা ধর্মীয় আখ্যানের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়। নানা সাজে সজ্জিত হয়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা এক আনন্দঘন উৎসবে রূপ নেয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অজয় কর এবং সালথা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সমীর কুমার সাহা। এছাড়া আরও উপস্থিত ছিলেন অসিত কুমার নাগ, বিপ্লব কুমার সাহা ও প্রহ্লাদসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সনাতন ধর্মমতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। পাশবিক শক্তির বিনাশ, মানবিক মূল্যবোধ রক্ষা এবং জগতে সত্য, সুন্দর ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই এই ধরাধামে তাঁর আগমন হয়েছিল বলে ভক্তরা বিশ্বাস করেন।

শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।