বান্দরবানে ডিবি পুলিশের অভিযান: প্রাইভেটকারসহ ৯০ লাখ টাকার ইয়াবা জব্দ, আটক ১

আবু জুয়েল নূর খান, আলিকদম প্রতিনিধি, বান্দরবানঃ
৪ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১১ পিএম
শেয়ার করুন:
বান্দরবানে ডিবি পুলিশের অভিযান: প্রাইভেটকারসহ ৯০ লাখ টাকার ইয়াবা জব্দ, আটক ১

বান্দরবানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ মোঃ জাকির হোসেন (৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার তাজিংডং হোটেলের সামনের সড়কে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। আটক জাকির হোসেন কুমিল্লা জেলার বুড়িচং থানার রামপুর এলাকার মোখলেচুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকারের নির্দেশনায় এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল আজমের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার কেরানীহাট থেকে বান্দরবানগামী একটি সাদা রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৬-৮৪৩৯) থামিয়ে তল্লাশি চালানো হয়। 

তল্লাশির সময় চালকের আসনে থাকা জাকিরের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে সে গাড়িতে মাদক থাকার বিষয়টি স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যমতে, প্রাইভেটকারের পেছনের সিটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫টি পোটলা থেকে ১৫০টি জিপার প্যাকেটে মোট ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির জানায়, সে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার এই বড় চালানটি সংগ্রহ করে অন্য তিন সহযোগীকে নিয়ে কুমিল্লায় বিক্রির উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে কেরানীহাট এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পথ বদলে বান্দরবানের দিকে চলে আসে। পরবর্তীতে বান্দরবান বাসস্টেশন এলাকায় এসে তার সঙ্গে থাকা অপর তিন সহযোগী গাড়ি থেকে নেমে পালিয়ে যায়।

বান্দরবান জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। আটক জাকির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া পালিয়ে যাওয়া বাকি সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।