নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আটক ১১০৬, আইনি আওতায় ৮৫

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
৯ অক্টোবর, ২০২৬ ১২:৩০ পিএম
শেয়ার করুন:
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আটক ১১০৬, আইনি আওতায় ৮৫

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ১০৬ জনকে আটক করেছে জেলা পুলিশ। তাদের মধ্যে অপরাধে জড়িত থাকায় ৮৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ১ হাজার ২১ জনকে সংশোধনের সুযোগ দিয়ে পরিবারের জিম্মায় (মুচলেকা নিয়ে) ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের দিকনির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। গত ২৭ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত জেলার ৯টি থানা এলাকায় টানা এ অভিযান চলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে গুরুতর ও সুনির্দিষ্ট অপরাধে যুক্ত ৮৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে:
সন্ত্রাসবিরোধী আইনে ৩ জন,
পুলিশ আইনের ৩৪ ধারায় ৫৩ জনের বিরুদ্ধে প্রসিকিউশন,
নিয়মিত মামলায় ৭ জন,
পুরোনো মামলায় ১৩ জন এবং
আগের ওয়ারেন্টের ভিত্তিতে ২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।  
এ ছাড়া ১ জনকে ১৫১ ধারায় আটক, ২ জনকে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালতে সোপর্দ এবং ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

কোন থানায় কতজন আটক: 
থানাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি আটক হয়েছে দ্বীপ উপজেলা হাতিয়ায়—২৮৯ জন। এ ছাড়া বেগমগঞ্জে ১৮৩, কোম্পানীগঞ্জে ১৩১, সুধারাম মডেল থানায় ১২৫, চরজব্বরে ১১০, সোনাইমুড়ীতে ৯২, কবিরহাটে ৬০, চাটখিলে ৫৯ এবং সেনবাগ থানা এলাকা থেকে ৫৭ জনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, “কিশোর অপরাধ ও গ্যাং কালচার নির্মূলে পুলিশের এ কঠোর অবস্থান অব্যাহত থাকবে। তবে কেবল অভিযানের মাধ্যমেই এ সংকট পুরোপুরি দূর করা সম্ভব নয়; কিশোরদের বিপথগামিতা ঠেকাতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সবাইকে সঙ্গে নিয়ে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।