বিশ্বের ৭০ শতাংশ ইলিশ উৎপাদন করে বাংলাদেশ, এ সম্পদ নষ্ট হতে দেওয়া যাবে না’: মাদারীপুরে প্রতিমন্ত্রী

আলমাস বেপারী, জেলা প্রতিনিধি, মাদারীপুরঃ
৯ অক্টোবর, ২০২৬ ১২:১৪ পিএম
শেয়ার করুন:
বিশ্বের ৭০ শতাংশ ইলিশ উৎপাদন করে বাংলাদেশ, এ সম্পদ নষ্ট হতে দেওয়া যাবে না’: মাদারীপুরে প্রতিমন্ত্রী

বিশ্বে উৎপাদিত মোট ইলিশের প্রায় ৭০ শতাংশই বাংলাদেশে উৎপাদিত হয় উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, "ইলিশ আমাদের জাতীয় সম্পদ। কোনো অবস্থাতেই এই অমূল্য সম্পদ নষ্ট হতে দেওয়া যাবে না।" 

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইলিয়াস আহম্মেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে এদিন ১৫১টি জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে খাদ্যসহায়তার চাল বিতরণ করা হয়।

ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, "ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদী ও সাগরে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একটি ছোট আকারের মা ইলিশ প্রায় দেড় লাখ এবং দুই কেজি ওজনের বড় ইলিশের প্রায় ২০ লাখ পর্যন্ত ডিম ছাড়ার সক্ষমতা থাকে। মা ইলিশ রক্ষা পেলে দেশে ইলিশের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে।"

এ সময় মা ইলিশ রক্ষায় আগামী ২২ দিন নদীতে জাল না ফেলতে জেলেদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। একই সঙ্গে সরকারি এই নিষেধাজ্ঞা সফল করতে স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও রাজনৈতিক নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার অনুরোধ জানান।

মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক, পুলিশ সুপার ফজলে এলাহী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান, বিএনপি নেত্রী নাদিরা আক্তার, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান ও সদস্য সচিব সোহেল রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।