বোয়ালমারীতে উপজেলা পরিষদ পাঠাগার উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

এম এম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
৯ অক্টোবর, ২০২৬ ১২:১৯ পিএম
শেয়ার করুন:
বোয়ালমারীতে উপজেলা পরিষদ পাঠাগার উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা পরিষদের উদ্যোগে নবনির্মিত পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হয়। 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গড়ে তোলা হয়েছে এই পাঠাগারটি। পাঠাগার উদ্বোধন শেষে পরিষদ চত্বরে একটি বৃক্ষরোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সন্তান কোথায় যাচ্ছে এবং কাদের সঙ্গে মিশছে, সেদিকে অভিভাবকদের কড়া নজর রাখতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন কোনোভাবেই মাদক কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’—এই দেশপ্রেমের চেতনা আমাদের বুকের ভেতর ধারণ করতে হবে।”

পরে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম শিক্ষা ব্যবস্থার বিগত দিনের অনিয়ম তুলে ধরে বলেন, “বিগত দিনে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় মারাত্মক অনিয়ম হয়েছে। যথাযথ পড়াশোনা ছাড়াই অনেকে জিপিএ-৫ পেয়েছে। কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অধ্যক্ষদের দুর্নীতি চরমে পৌঁছেছিল। অর্থের বিনিময়ে নম্বর বাড়ানো বা যোগ্যদের অবমূল্যায়ন করার মতো অনৈতিক ঘটনাও ঘটেছে। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ বিক্রির অভিযোগও রয়েছে। শিক্ষাঙ্গনকে কলুষমুক্ত করতে এসব দুর্নীতি যেকোনো মূল্যে দূর করতে হবে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় কুমার সাহা, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন ও রাসেল আহমেদসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।