এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আর মাত্র কয়েক দিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে ঘিরে বরিশাল জেলার মধ্যে সবচেয়ে বেশি পূজামণ্ডপ সমৃদ্ধ আগৈলঝাড়া উপজেলায় এখন বইছে আনন্দের আমেজ। উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৬৯টি মণ্ডপেই চলছে শেষ মুহূর্তের ব্যাপক প্রস্তুতি। প্রতিমা তৈরি, রং-তুলির আঁচড়, প্যান্ডেল সাজসজ্জা, চোখধাঁধানো আলোকসজ্জা আর তোরণ নির্মাণে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন শিল্পী ও আয়োজকেরা।
আগামী ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দেবী দুর্গার আবাহন। এরপর ১৭ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এই সার্বজনীন উৎসবের।
সরেজমিনে উপজেলার মধ্য শিহিপাশা গোসাই দাসের বাড়ির দুর্গা মন্দির ঘুরে দেখা যায়, প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। অধিকাংশ প্রতিমার কাঠামো ও মাটির কাজ শেষ করে এখন চলছে রঙের নিপুণ কাজ। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা মণ্ডপে তুলে দিতে দিন-রাত এক করে কাজ করছেন কারিগরেরা।
প্রতিমাশিল্পী সজল পাল বলেন, "রং, মাটি ও প্রতিমা তৈরির বিভিন্ন উপকরণের দাম অনেক বেড়েছে। ফলে আগের তুলনায় খরচ বাড়লেও পারিশ্রমিক সেভাবে বাড়েনি। তবে মায়ের কাজ সঠিক সময়ে শেষ করতে আমরা বাড়তি শ্রম দিয়ে যাচ্ছি।"
এদিকে বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিমায় রঙের ছোঁয়ার পাশাপাশি চলছে মণ্ডপগুলোর আধুনিক সৌন্দর্যবর্ধন। দর্শনার্থীদের আকৃষ্ট করতে কোথাও তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন তোরণ, কোথাও আবার বসানো হচ্ছে আধুনিক আলোকসজ্জা।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যসচিব দীনেশ চন্দ্র হালদার বলেন, "উপজেলার ৫টি ইউনিয়নে এবার মোট ১৬৯টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। অধিকাংশ প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশ বজায় রয়েছে এবং এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।"
পরিষদের আহ্বায়ক যতীন্দ্রনাথ মিস্ত্রী জানান, প্রশাসনের সার্বিক সহযোগিতায় সুন্দর পরিবেশে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ চলছে। আশা করা যাচ্ছে, নির্ধারিত সময়ের আগেই সব মণ্ডপ পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার বলেন, "দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল ও কড়া নজরদারি থাকবে। এছাড়া আয়োজকদের পক্ষ থেকেও সিসি ক্যামেরা স্থাপনসহ নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।