বিজয়নগরে পৌনে দুই কোটি টাকার চোরাই পণ্যসহ কাভার্ড ভ্যান জব্দ করল বিজিবি

মোঃ শামীম মিয়া, বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
৮ অক্টোবর, ২০২৬ ৪:১০ পিএম
শেয়ার করুন:
বিজয়নগরে পৌনে দুই কোটি টাকার চোরাই পণ্যসহ কাভার্ড ভ্যান জব্দ করল বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ১ কোটি ৭৬ লাখ ৭১ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ভোরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্রকে ধারণ করে সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারি চালিয়ে আসছে সরাইল ব্যাটালিয়ন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ টহল দল। 

ভোর আনুমানিক ৫টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে টহল দল সেটিকে থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে কাভার্ড ভ্যানটির ভেতর অভিনব কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—
ভারতীয় উন্নতমানের সানগ্লাস: ১৫,৪৯৮ পিস  
ভারতীয় জিরা: ২,১০০ কেজি  
চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যান: ০১টি  

বিজিবি জানিয়েছে, জব্দকৃত চোরাচালানী মালামাল ও কাভার্ড ভ্যানের আনুমানিক সিজার মূল্য প্রায় ১ কোটি ৭৬ লাখ ৭১ হাজার টাকা। আটককৃত এসব মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। দেশের অভ্যন্তরে অবৈধ পণ্যের প্রবেশ ঠেকাতে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।