দিনাজপুরে আগাম শিম চাষে সফলতা, হাসি ফুটেছে কৃষকের মুখে

অনলাইন ডেস্কঃ
৭ অক্টোবর, ২০২৬ ৬:৪১ পিএম
শেয়ার করুন:
দিনাজপুরে আগাম শিম চাষে সফলতা, হাসি ফুটেছে কৃষকের মুখে

শীতের আনুষ্ঠানিক আগমনী বার্তার আগেই বাজারে উঠেছে আগাম জাতের শিম। দেশের অন্যতম খাদ্যভাণ্ডার দিনাজপুরে আগাম শীতকালীন শিম চাষ করে দারুণ লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকেরা। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার ফলে ফলন যেমন ভালো হয়েছে, তেমনি মৌসুমের শুরুতেই বাজারে চড়া দাম পেয়ে চাষিদের মুখে ফুটেছে তৃপ্তির হাসি।

সরেজমিনে দিনাজপুর সদর উপজেলার ৬ নম্বর আউলিযাপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা গ্রামে গিয়ে দেখা যায়, মাঠের পর মাঠজুড়ে লতানো শিম গাছে শোভা পাচ্ছে বেগুনি ও সাদা ফুল। পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে থোকায় থোকায় শিম। কৃষকেরা দলবেঁধে ক্ষেত থেকে তাজা শিম তোলায় ব্যস্ত সময় পার করছেন। সপ্তাহের নির্দিষ্ট দিনে এসব শিম স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকারদের কাছেও সরবরাহ করা হচ্ছে।

ঘুঘুডাঙ্গা গ্রামের কৃষক মুক্তার আলী জানান, তিনি দুই বিঘা জমিতে আগাম জাতের শিম আবাদ করেছেন। প্রায় এক মাস ধরে তিনি ক্ষেত থেকে শিম তুলে বাজারে বিক্রি করছেন। তিনি বলেন, “মৌসুমের শুরুতে প্রথম দিকে ২০০ টাকা কেজি দরেও শিম বিক্রি করেছি। বর্তমানে বাজারে সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমে ৭০ থেকে ৮০ টাকায় নেমেছে। অন্যান্য ফসলের তুলনায় এতে খরচ কম হওয়ায় আগাম শিম আবাদ করে বেশ লাভবান হয়েছি।”

আরেক কৃষক জুয়েল ইসলাম জানান, এই এলাকায় আগাম শীতকালীন শাক-সবজির আবাদ দিন দিন জনপ্রিয় হচ্ছে। আগাম চাষে প্রাকৃতিক দুর্যোগ ও পোকামাকড়ের আক্রমণ কম থাকে, ফলে উৎপাদন খরচ কমে এবং বাড়তি দাম পাওয়া যায়। এছাড়া অনেকেই এখন আমন ধান কাটার পর সেই জমিতে আগাম জাতের আলু চাষের প্রস্তুতি নিচ্ছেন।

দিনাজপুর সদর উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শুধু সদর উপজেলাতেই ২৫০ হেক্টর জমিতে শিমের আবাদ করা হয়েছে। অনুকূল আবহাওয়া বজায় থাকলে এখান থেকে মোট ২ হাজার ৫০০ মেট্রিক টন শিম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করা হচ্ছে।

দিনাজপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার বলেন, “আগাম জাতের সবজি চাষে একদিকে যেমন ফলন ভালো হয়, তেমনি বাজারে চড়া দাম পাওয়ায় কৃষকরা আর্থিকভাবে দ্রুত লাভবান হতে পারেন। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের মানসম্মত বীজ সরবরাহ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সার-কীটনাশকের সুষম প্রয়োগে সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে। লাভজনক হওয়ায় ভবিষ্যতে দিনাজপুরে আগাম শিমসহ অন্যান্য সবজি চাষের পরিধি আরও বৃদ্ধি পাবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।