আগামী মাসে ৩৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
৭ অক্টোবর, ২০২৬ ৩:৫১ পিএম
শেয়ার করুন:
আগামী মাসে ৩৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সারা দেশে ইতোমধ্যে দুই কোটি শিশুকে হাম ও রুবেলার টিকা দেওয়া হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত।

বুধবার (৭ অক্টোবর) আয়োজিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, একটি শিশুও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যেই বিশেষ এই ‘মপ-আপ ক্যাম্পেইন’ পরিচালনা করা হচ্ছে। এ উদ্যোগের আওতায় দুর্গম পাহাড়ি এলাকা, প্রত্যন্ত চরাঞ্চল এবং আগের ধাপে বাদ পড়ে যাওয়া কিংবা প্রতিবন্ধী শিশুদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করে টিকা দেওয়া হবে। প্রতিটি শিশুর জীবন ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য ও অঙ্গীকার।

স্বাস্থ্যখাত পুনর্গঠনে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, রোগ প্রতিরোধমূলক কর্মসূচি জোরদার করার পাশাপাশি জনগণের স্বাস্থ্যসেবাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার, সিটি করপোরেশন এবং মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই দুই কোটি শিশুকে সফলভাবে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।

টিকাদান কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করায় স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে এই কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার জন্য তিনি যুক্তরাষ্ট্র সরকার, গ্যাভি (GAVI), ইউনিসেফ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।