ফরিদপুরে বিদেশি রিভলবার, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ ভুয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৬ অক্টোবর, ২০২৬ ৬:৫৬ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে বিদেশি রিভলবার, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ ভুয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার

ফরিদপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, তাজা গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ককটেল, ওয়াকিটকি ও মাদক উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি-১০)। এ সময় সাফায়েত আহমেদ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যিনি নিজেকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন প্রতারণা করে আসছিলেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টা ৩৫ মিনিটে কোতোয়ালি থানার উত্তর কালীবাড়ি এলাকার জেনারেল হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনে প্রথম অভিযানটি চালানো হয়। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে মাদকসেবীরা পালিয়ে গেলেও ভবনটিতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

পরবর্তীতে একই দিন সকাল ৮টা ৪৫ মিনিটে শহরের নীলটুলি এলাকার একটি আবাসিক ভবনে দ্বিতীয় অভিযান পরিচালনা করে এসআরবি-১০। সেখান থেকে পালানোর চেষ্টাকালে সাফায়েত আহমেদকে গ্রেপ্তার করা হয়। সাফায়েত কোতোয়ালি থানার চরকমলাপুর এলাকার মৃত বশির আহমেদের ছেলে।

এসআরবি কর্মকর্তারা জানান, গ্রেপ্তার সাফায়েতকে জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে দুটি ককটেল, একটি খেলনা রিভলবার, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি ছুরি, একটি সুইচ গিয়ার, একটি ওয়াকিটকি, একটি টেজার গান, ২৫ রাউন্ড গুলির খোসা ও ১০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এছাড়া প্রতারণার কাজে ব্যবহৃত সেনাবাহিনীর দুটি ক্যাপ ও একটি কোমরবন্ধনী (বেল্ট) এবং এপিবিএনের একটি ক্যাপ জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআরবি জানায়, গ্রেপ্তার সাফায়েত দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এছাড়া তিনি কোতোয়ালি থানায় দায়ের করা একটি মাদক ও একটি সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ, মাদক ও অন্যান্য সরঞ্জামসহ গ্রেপ্তার সাফায়েতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

সংবাদ সম্মেলনে এসআরবি-১০-এর দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, সমাজ থেকে মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাস নির্মূলে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। এ সময় এসআরবি-এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।