শিশুরা ঠিকমত বিকশিত হলে দেশের ভিত মজবুত হবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
৬ অক্টোবর, ২০২৬ ১:৪৮ পিএম
শেয়ার করুন:
শিশুরা ঠিকমত বিকশিত হলে দেশের ভিত মজবুত হবে: প্রধানমন্ত্রী

শিশুদের ভেতরে থাকা অপার সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ দিলে দেশের সার্বিক ভিত্তি আরও মজবুত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না রেখে শিশুদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে হবে, যাতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ পরিপূর্ণ রূপ পায়।

মঙ্গলবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে ‘শিশু অধিকার দিবস’ ও ‘বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের শিশু অধিকার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—*‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’*।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশুদের মেধা ও প্রতিভা বিকাশে অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে আরও সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আজকের শিশুরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা ও যোগ্যতা বিকাশের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে একটি আত্মমর্যাদাশীল ও শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে।” 

একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সরকারপ্রধান বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই যা হবে মানবিক। পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিশুকে সহানুভূতিশীল ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।”

শিক্ষাব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, জাতীয় ভাষা বাংলার পাশাপাশি স্কুল পর্যায় থেকেই যাতে শিক্ষার্থীরা অন্যান্য আন্তর্জাতিক ভাষা শিখতে পারে, সে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এর আগে সকালে প্রধানমন্ত্রী শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু ফুল দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে শিশুদের আঁকা ৩৫টি চিত্রকর্ম প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।