ফরিদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৫ অক্টোবর, ২০২৬ ৬:১৭ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে আজ সোমবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও এক তাৎপর্যপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ৯টা ২৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কোর্ট চত্বরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান-বিন-মুহাম্মাদ আলী, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া। এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শিক্ষকতা পেশার মর্যাদা, সামাজিক স্বীকৃতি ও শিক্ষকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি, উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং নিয়মিত পেশাগত দক্ষতা উন্নয়নের বিষয়গুলো তুলে ধরা হয়। 

বক্তারা বলেন, বর্তমান যুগে শিক্ষার মানোন্নয়নে আধুনিক তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষকদের সম্পৃক্ত করা এখন সময়ের দাবি। আদর্শ ও দক্ষ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। এ সময় শিক্ষকতা পেশার সমসাময়িক নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি শিক্ষকদের পাশে রাষ্ট্র ও সমাজের দায়িত্বশীল ভূমিকা, তাদের যথাযথ মূল্যায়ন ও সম্মাননা প্রদানের বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।