প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
৫ অক্টোবর, ২০২৬ ১১:২৬ এএম
শেয়ার করুন:
প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করা এবং সবার জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে সরকার। 

‘বিশ্ব বসতি দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান। নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহনশীল ও টেকসই নগর গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ভবিষ্যতের জন্য একটি বাসযোগ্য নগর গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।

উল্লেখ্য, ১৯৮৬ সাল থেকে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। চলতি বছর জাতিসংঘ ঘোষিত ‘সবার জন্য পর্যাপ্ত আবাসন’ প্রতিপাদ্যটিকে অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, “দ্রুত নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি এবং আবাসন সংকটের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার দীর্ঘমেয়াদি নীতি বাস্তবায়ন করছে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবার ও বস্তিবাসী মানুষের আবাসন নিশ্চিতকরণ এবং সুষম আঞ্চলিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।” তিনি আরও যোগ করেন, সরকার ‘বাসস্থান’ বলতে কেবল চার দেয়ালের নিশ্চয়তা নয়; বরং নিরাপদ পানি, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব নাগরিক সেবার সমন্বিত প্যাকেজকে বিবেচনা করে।

নগর উন্নয়নের প্রাতিষ্ঠানিক ভিত্তি মজবুত করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সুষম নগর ব্যবস্থাপনার জন্য সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জে পৃথক ‘উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG-11) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টেকসই নগরায়ন নিশ্চিত করা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে বেসরকারি খাত, এনজিও, স্থানীয় জনগোষ্ঠী এবং আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে বস্তি উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষার কাজ আরও বেগবান করার আহ্বান জানান তিনি।

সবশেষে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, নগর ও গ্রাম নির্বিশেষে প্রতিটি নাগরিক যেন নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে বসবাসের সুযোগ পায়—এমন একটি মানবিক, বাসযোগ্য ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করাই সরকারের মূল লক্ষ্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।