জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি পেলেন সদরপুর সরকারি কলেজের ৫ শিক্ষার্থী

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
৪ অক্টোবর, ২০২৬ ৭:৪৭ পিএম
শেয়ার করুন:
জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি পেলেন সদরপুর সরকারি কলেজের ৫ শিক্ষার্থী

ফরিদপুরের সদরপুর সরকারি কলেজের ৫ শিক্ষার্থী ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি—২০২৫’ লাভ করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত এ শিক্ষাবৃত্তিতে কলেজের ডিগ্রি শাখার ১ জন এবং অনার্স শাখার ৪ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

আজ রবিবার (৪ অক্টোবর) সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর থেকে পাঠানো শিক্ষাবৃত্তির অর্থ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। প্রত্যেক শিক্ষার্থীর নামে ৬ হাজার টাকা করে ইস্যুকৃত ব্যাংক চেক বিতরণ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এনামুল হক।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের ট্রেজারার আমিরুল ইসলাম ও ভূগোল বিভাগের প্রভাষক মো. আবু বকর সিদ্দিক।

‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি—২০২৫’-এর অন্যতম যোগ্যতার শর্ত ছিল শিক্ষার্থীর জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব অর্জন। নির্ধারিত যোগ্যতা ও মেধার ভিত্তিতে সদরপুর সরকারি কলেজের পাঁচ শিক্ষার্থী এ শিক্ষাবৃত্তির জন্য নির্বাচিত হন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এনামুল হক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের শিক্ষাবৃত্তি মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী ও উৎসাহিত করবে। তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

কলেজের অফিস সহকারী সি. এম. জাকির জানান, অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থী হিসেবে বিগত বছর সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছিল। এ বছর ডাকযোগে তাদের নামে ইস্যুকৃত চেক কলেজে পৌঁছালে তা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।