বিজয়নগরে ৮০ লাখ টাকার ভারতীয় প্রসাধনীসহ কাভার্ড ভ্যান জব্দ করেছে বিজিবি

মোঃ শামীম মিয়া, বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
৫ অক্টোবর, ২০২৬ ১০:৪৮ এএম
শেয়ার করুন:
বিজয়নগরে ৮০ লাখ টাকার ভারতীয় প্রসাধনীসহ কাভার্ড ভ্যান জব্দ করেছে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি প্রসাধনী সামগ্রীসহ (কসমেটিকস) একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামাল ও কাভার্ড ভ্যানটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ লাখ ৯০ হাজার ৮৫০ টাকা। 

রোববার (৪ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে ৩টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—মহাপরিচালকের এই মূলমন্ত্রকে সামনে রেখে সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আমতলী এলাকায় অবস্থান নেয় বিজিবির বিশেষ টহল দল। 

অভিযান চলাকালে সিলেট থেকে ঢাকাগামী সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে কাভার্ড ভ্যানটি থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৩ হাজার ৩৫১ পিস ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। পরে অবৈধ পণ্য বহনকারী কাভার্ড ভ্যানটিসহ মালামাল জব্দ করে বিজিবি সদস্যরা। 

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত ভারতীয় প্রসাধনী ও কাভার্ড ভ্যানটির আনুমানিক সিজার মূল্য ৮০ লাখ ৯০ হাজার ৮৫০ টাকা। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে জব্দকৃত মালামাল ও কাভার্ড ভ্যানটি আখাউড়া কাস্টমস কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি আরও জানায়, সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। দেশের স্বার্থে চোরাচালানবিরোধী এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।