কাউখালীতে ছাগলের পাতা কাটতে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ৭:০৮ পিএম
শেয়ার করুন:
কাউখালীতে ছাগলের পাতা কাটতে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে অসাবধানতাবশত উচ্চচাপযুক্ত বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে জড়িয়ে ফাইজুল হক (৬০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাইজুল হক ওই এলাকার মৃত নুরুল হকের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নিজের পালিত ছাগলের খাবারের জন্য বাড়ির পেছনের একটি কাঁঠাল গাছে ডাল ও পাতা কাটতে ওঠেন ফাইজুল হক। এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া ‘কাউখালী-ভান্ডারিয়া’ রুটের ৩৩ হাজার ভোল্টের উচ্চচাপযুক্ত বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের সঙ্গে অসাবধানতাবশত তাঁর স্পর্শ লাগে। এতে তিনি মুহূর্তের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের ওপরই মারা যান।

পরে খবর পেয়ে কাউখালী ফায়ার সার্ভিস স্টেশন ও পল্লী বিদ্যুতের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথ প্রচেষ্টায় গাছ থেকে তাঁর মরদেহ নিচে নামিয়ে আনেন।

এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।