কুষ্টিয়ায় পদ্মায় ফুটবল খেলতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ, জীবিত উদ্ধার ১

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
২৮ আগস্ট, ২০২৬ ৮:৪৮ পিএম
শেয়ার করুন:
কুষ্টিয়ায় পদ্মায় ফুটবল খেলতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ, জীবিত উদ্ধার ১

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে নেমে তীব্র স্রোতের টানে মোস্তাকিম হোসেন (১২) নামের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। এ সময় স্থানীয়দের তৎপরতায় ইব্রাহিম হোসেন (১২) নামের আরেক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ মোস্তাকিমকে উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জেলেরা যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছেন।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত ঘাট সংলগ্ন পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ মোস্তাকিম হোসেন সোনাতলা গ্রামের হায়দারের চর এলাকার রতন জমাদারের ছেলে এবং উদ্ধার হওয়া ইব্রাহিম হোসেন একই গ্রামের জিয়ারুল শাহের ছেলে। তারা দুজনই স্থানীয় সোনাতলা দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় ছয়টি শিশু ভাগজোত ঘাট এলাকায় পদ্মার পানিতে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত কয়েকজন শিশু নদীর গভীর অংশে চলে যায়। এ সময় পদ্মার প্রবল স্রোতের তোড়ে মোস্তাকিম ও ইব্রাহিম তলিয়ে যেতে থাকে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে ইব্রাহিমকে জীবিত উদ্ধার করতে পারলেও তীব্র স্রোতের কারণে মোস্তাকিম পানিতে তলিয়ে যায়। 

খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় জেলেরাও জাল ফেলে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছেন। তবে নদীতে তীব্র স্রোত ও অতিরিক্ত গভীরতা থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, শিশু নিখোঁজের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সঙ্গে পুলিশ সদস্যরাও সার্বক্ষণিক তৎপর রয়েছেন।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, "নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজ বেশ কঠিন হয়ে পড়েছে। শিশুটি ভেসে ভাটির দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবুও আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। উদ্ধার অভিযান আরও জোরদার করতে খুলনা থেকে বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে তল্লাশি আরও বেগবান হবে।"

এদিকে মোস্তাকিম নিখোঁজের ঘটনায় তার পরিবার ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ এবং শোকের ছায়া নেমে এসেছে। শিশুটিকে ফিরে পাওয়ার আশায় স্বজন ও স্থানীয় বাসিন্দারা নদীর তীরে ভিড় করে আছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।