নাজিরপুরে শিক্ষকদের ফুটবল টুর্নামেন্টে বেলুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

আল-আমীন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
২৭ আগস্ট, ২০২৬ ৬:৫৬ পিএম
শেয়ার করুন:
নাজিরপুরে শিক্ষকদের ফুটবল টুর্নামেন্টে বেলুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

পিরোজপুরের নাজিরপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত চার দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে বাবুর হাট মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বেলুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সদর ও পার্শ্ববর্তী ইউনিয়নের চারটি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের নিয়ে এই প্রীতি টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে মাঠজুড়ে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আক্রমণ ও পাল্টা-আক্রমণে টানটান উত্তেজনার ম্যাচটিতে শেষ পর্যন্ত জয় তুলে নেয় বেলুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়। 

খেলা শেষে পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও নাজিরপুর সদর ইউপি চেয়ারম্যান মো. রাসেল সিকদারের সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসেল সিকদার বলেন, “খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষকদের মতো শিক্ষার্থীদেরও পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সক্রিয় থাকা প্রয়োজন।” তিনি আরও বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার চর্চা তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখবে।”

আয়োজক পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধীর রঞ্জন সমাদ্দার বলেন, শিক্ষকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন। আগামীতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর সভাপতি, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

খেলা শেষে চ্যাম্পিয়ন বেলুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও রানার্সআপ বাবুর হাট মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। পরে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে এক প্রীতিভোজের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।