এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ঝাউডাঙ্গী গ্রামে পাকা সড়কের পাশের একটি পুকুরে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে গুরুত্বপূর্ণ সড়কটি ধসে পড়ার মারাত্মক ঝুঁকিসহ আশপাশের বসতবাড়ি ও ফসলি জমি বিলীন হওয়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সালথা উপজেলার বাসিন্দা মো. ইলিয়াস নামের এক ব্যক্তি ওই পুকুরে শক্তিশালী ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন ও বিক্রি করছেন। স্থানীয়দের অভিযোগ, এলাকার প্রভাবশালী হারুন নামের এক ব্যক্তির যোগসাজশে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে এই বালু বাণিজ্য চালানো হচ্ছে।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, পাকা সড়কের একেবারে কোল ঘেঁষে অবস্থিত পুকুরটি থেকে দিন-রাত ড্রেজার দিয়ে বালু তোলায় সড়কের তলদেশের মাটি সরে যাচ্ছে। ফলে যেকোনো মুহূর্তে সড়কটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। একই সঙ্গে পুকুরসংলগ্ন কৃষিজমি ও বসতভিটাও ভাঙনের ঝুঁকিতে পড়েছে। সড়ক ও ফসলি জমি রক্ষায় দ্রুত এই অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
এ বিষয়ে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খাইরুল হাসান বলেন, “উপজেলার কোথাও অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের সুযোগ নেই। খবর পেলেই নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ঝাউডাঙ্গী গ্রামের বিষয়ে দ্রুত খোঁজ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বালু উত্তোলন বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। এখন যেহেতু জানলাম, দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে বিষয়টি অবহিত করে ড্রেজার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
এলাকাবাসীর দাবি, সড়ক যোগাযোগ সচল রাখা এবং কৃষিজমি ও বসতবাড়ি রক্ষার্থে দ্রুত অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও অপসারণ করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।