এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর একটি মাদরাসার ১২ শিক্ষার্থী এইচআইভি (HIV) পজিটিভ—স্থানীয় সংসদ সদস্যের এমন দাবিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম। তিনি জানিয়েছেন, বর্তমানে পুরো জেলায় এইচআইভি আক্রান্ত রোগীর সংখ্যা মাত্র ৩ জন এবং চলতি ২০২৬ সালে জেলায় নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল দাবি করেন, তাঁর নির্বাচনী এলাকার একটি মাদরাসার হোস্টেলে থাকা ১২ জন শিক্ষার্থী এইচআইভি পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সংসদ সদস্যের এমন সংবেদনশীল বক্তব্যের পর জেলাজুড়ে তীব্র চাঞ্চল্য ও জনমনে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়।
এ বিষয়ে বিভ্রান্তি দূর করতে বৃহস্পতিবার (২০ আগস্ট) আনুষ্ঠানিক বক্তব্য দেন নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম। তিনি বলেন, “মাদরাসার ১২ শিক্ষার্থী এইচআইভি পজিটিভ হওয়ার খবরটি সম্পূর্ণ অমূলক। বর্তমানে জেলায় মোট এইচআইভি পজিটিভ রোগী রয়েছেন মাত্র তিনজন। তাঁরা সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন এবং সুস্থ আছেন।”
সিভিল সার্জন আরও স্পষ্ট করেন, “২০২৫ সালে ওই তিন রোগীর শরীরে এইচআইভি শনাক্ত হয়েছিল। ২০২৬ সালে জেলায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। এছাড়া গত জুলাই মাসে ১২ জন ব্যক্তি রক্তের পাশাপাশি এইচআইভি পরীক্ষা করিয়েছিলেন, কিন্তু তাঁদের প্রত্যেকের পরীক্ষার ফলাফলই নেগেটিভ এসেছে।”
একই তথ্য নিশ্চিত করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিস ফারহানা জানান, গত জুলাই মাসে উপজেলায় ১২ জন ব্যক্তির এইচআইভি পরীক্ষা করা হয়েছিল এবং তাঁদের সবার রিপোর্টই নেগেটিভ আসে। ফলে সেখানে আক্রান্ত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।
এদিকে সিভিল সার্জনের বক্তব্যের পর বিষয়টি নিয়ে সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি আগের বক্তব্য পরিবর্তন করে বলেন, “১২ জনের মধ্যে ৩ জন এইচআইভি পজিটিভ হয়েছে।” এর পরপরই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
স্বাস্থ্য বিভাগের সুনির্দিষ্ট তথ্যের বিপরীতে সংসদ সদস্যের এমন পরস্পরবিরোধী বক্তব্যে বিভ্রান্তি আরও বেড়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, এইচআইভির মতো স্পর্শকাতর বিষয়ে সঠিক তথ্য যাচাই না করে জনসম্মুখে এমন বক্তব্য দেওয়া অনুচিত। তাঁরা যেকোনো তথ্যের সত্যতা নিশ্চিত হয়ে প্রচার করার আহ্বান জানিয়েছেন।
ফেব্রু ২২, ২০২৬
অক্টোবর ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।