‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
২৬ জুলাই, ২০২৬ ১:২৭ পিএম
শেয়ার করুন:
‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৬ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের সেনাসদরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং গুরুত্বপূর্ণ নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠতে হবে। পদোন্নতির প্রক্রিয়ায় মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলি ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জোর তাগিদ দেন তিনি।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে সেনাবাহিনী প্রশংসনীয় অবদান রেখে চলেছে। দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য তিনি সেনাপ্রধানসহ বাহিনীর সর্বস্তরের সদস্যকে ধন্যবাদ জানান।

এর আগে বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর আধুনিকায়ন ও পুনর্গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী সেনাসদস্য এবং দেশসেবায় সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের অবদান তিনি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

এর আগে সকালে সেনাসদরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান ও চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। অনুষ্ঠানে উপস্থিত হয়ে নির্বাচনি পর্ষদের উদ্বোধন করায় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী উপস্থিত সেনা কর্মকর্তাদের সঙ্গে আলোকচিত্রে অংশ নেন এবং সেনাবাহিনীর ঐতিহ্যবাহী পরিদর্শন বইয়ে নিজ মন্তব্য লিপিবদ্ধ ও স্বাক্ষর করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।