চরভদ্রাসনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শীর্ষে দক্ষিণ নবাবগঞ্জ খালাসিডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
১৪ জুলাই, ২০২৬ ৭:০১ পিএম
শেয়ার করুন:
চরভদ্রাসনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শীর্ষে দক্ষিণ নবাবগঞ্জ খালাসিডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় প্রাথমিক বিদ্যালয় বাৎসরিক বৃত্তি পরীক্ষার ফলাফলে অনন্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ নবাবগঞ্জ খালাসিডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৮ জন শিক্ষার্থীর মধ্যে ৬ জনই বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৪ জন ছাত্রী ও ১ জন ছাত্র ট্যালেন্টপুলে এবং ১ জন ছাত্রী সাধারণ কোটায় বৃত্তি লাভ করেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর চরভদ্রাসন উপজেলায় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ৪৪০ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছিল, যার মধ্যে ১৭৬ জন ছাত্র এবং ২৬৪ জন ছাত্রী। তবে শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেয় ১৯২ জন শিক্ষার্থী (৭৪ জন ছাত্র ও ১১৮ জন ছাত্রী)। 

ঘোষিত ফলাফলে দেখা যায়, পুরো উপজেলায় মোট ৪০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ২০ জন এবং সাধারণ কোটায় ২০ জন শিক্ষার্থী রয়েছে। 

উপজেলায় বিদ্যালয়ভিত্তিক ফলাফলে ৬টি বৃত্তি নিয়ে শীর্ষস্থান অধিকার করেছে দক্ষিণ নবাবগঞ্জ খালাসিডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যান্য বিদ্যালয়ের মধ্যে বিএসডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মৌলভীরচর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪ জন করে এবং উত্তর চর সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিএমডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর অযোধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৩ জন করে শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এছাড়া গোলাপবাগ তারারমেলা, আলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইমানখারডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২ জন করে এবং পূর্ব বিএসডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও কয়েকটি বিদ্যালয় থেকে ১ জন করে শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

এদিকে উপজেলার অপেক্ষাকৃত দুর্গম ও পিছিয়ে পড়া চর অঞ্চলের বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরাও এবার সাফল্যের স্বাক্ষর রেখেছে। চর অঞ্চলের বিদ্যালয়গুলোর মধ্যে ইমরান খাটডাঙ্গী (ইমানখারডাঙ্গী) সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২ জন এবং চর হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

দক্ষিণ নবাবগঞ্জ খালাসিডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া খাতুন এই অর্জনে আনন্দ প্রকাশ করে বলেন, "শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম, অভিভাবকদের সঠিক তত্ত্বাবধান এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনার ফলেই এই সাফল্য এসেছে। করোনা মহামারির কারণে দীর্ঘদিন বৃত্তি পরীক্ষা বন্ধ থাকার পর পুনরায় চালু হওয়া পরীক্ষায় চরভদ্রাসনের মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা চেষ্টা করে যাব।"

চরভদ্রাসন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান জানান, "শিক্ষকদের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা এবং আমাদের সার্বিক তদারকির ফলেই এ বছর সন্তোষজনক ফলাফল এসেছে। যেসব বিদ্যালয়ের ফলাফল এবার প্রত্যাশা অনুযায়ী হয়নি, আগামীতে তারা ঘাটতি কাটিয়ে আরও ভালো করবে বলে আমরা আশাবাদী।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।