‘গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না’

অনলাইন ডেস্কঃ
৮ জুলাই, ২০২৬ ৩:২২ পিএম
শেয়ার করুন:
‘গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না’

সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশে কোনো প্রকৃত পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, সরকার এখন পর্যন্ত গণভোটের রায় ও সংস্কার প্রক্রিয়া শুরু করেনি।  

গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’র সমাপ্তি শেষে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন। 

পথসভায় নাহিদ ইসলাম বলেন, "আমরা মনে করি, জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল এ দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। মানুষের মধ্যকার বৈষম্য দূর করতে এবং দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজিমুক্ত একটি কল্যাণমুখী সমাজ গঠনের লক্ষ্যেই এই আন্দোলন হয়েছিল।"  

নির্বাচন ও সংস্কারের পক্ষে জনমতের চিত্র তুলে ধরে তিনি বলেন, "দেশের ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন। অথচ যারা সরকার গঠন করেছেন, তারা পেয়েছেন মাত্র ৪০ থেকে ৫০ শতাংশ ভোট। ফলে সরকারের চেয়েও সংস্কার ও জুলাই সনদের পক্ষে জনমত অনেক বেশি শক্তিশালী। কিন্তু সরকার ক্ষমতায় আসার পর জনগণের এই গণভোটের রায়কে উপেক্ষা করতে শুরু করেছে।"

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক আদর্শের কথা স্মরণ করে এনসিপি আহ্বায়ক আরও বলেন, "মওলানা ভাসানী আজীবন শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের অধিকারের জন্য রাজনীতি করে গেছেন। আমাদের দল এনসিপিও ঠিক একইভাবে সাধারণ ও মেহনতি মানুষের পক্ষে কথা বলতে চায়।"

টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জমান শাওনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাসুদুর রহমান রাসেলের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম এবং উত্তরাঞ্চলীয় ডেপুটি মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।