বিএনপির রাজনীতি কেবলই ‘লোকদেখানো’: নুসরাত

অনলাইন ডেস্কঃ
৭ জুলাই, ২০২৬ ১১:৫৯ এএম
শেয়ার করুন:
বিএনপির রাজনীতি কেবলই ‘লোকদেখানো’: নুসরাত

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়নে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তাঁর দাবি, বর্তমান সরকারের রাজনীতি মূলত ‘পারফরম্যাটিভ’ বা লোকদেখানোর মধ্যে সীমাবদ্ধ। 

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সাভারে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে ওই টকশোটি আয়োজিত হয়েছিল।

অনুষ্ঠানে সঞ্চালক জানতে চান, এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলামের করা অভিযোগ—‘জুলাই নিয়ে জাতির সঙ্গে বিএনপি গাদ্দারি করছে’ এবং ‘সরকার জুলাই ও গণভোটের চেতনা অস্বীকার করছে’—এমন মন্তব্য করার সময় কি আসলেই এসেছে?

জবাবে নুসরাত তাবাসসুম বলেন, অন্তর্বর্তীকালীন এই সময়ে রাজনৈতিক দল হিসেবে বিএনপি ভীষণ ‘পারফরম্যাটিভ’। কোনো কিছু দেখতে সুন্দর ও পরিপাটি হওয়া মানেই যে সেটি সৎ উদ্দেশ্যে করা হচ্ছে, তেমনটা ভাবার কোনো কারণ নেই।

উদাহরণ হিসেবে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমানে তাদের পোশাক, ব্যবহৃত ব্র্যান্ড, প্রধানমন্ত্রীর স্ত্রীর ব্যাগ, কম প্রোটোকল নেওয়া কিংবা নিজে গাড়ি চালানোর মতো বিষয়গুলো জনস্বার্থের চেয়ে আলোচনার কেন্দ্রে বেশি আসছে। অথচ সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের সঙ্গে এসবের কোনো বাস্তব সম্পর্ক নেই।

নুসরাতের মতে, কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ না থাকে, তবে তিনি কী খাচ্ছেন, কোথায় যাচ্ছেন বা কতটুকু প্রোটোকল নিচ্ছেন—সেটিকে রাজনৈতিক প্রচারের মূল বিষয় বানানোর প্রয়োজন পড়ে না। এই প্রবণতাকে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে তুলনা করেন।

‘জুলাই সনদের’ সঙ্গে এর সম্পর্ক কোথায়—এমন প্রশ্নের জবাবে নুসরাত তাবাসসুম বলেন, নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য দিয়েছিলেন বা নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন, বর্তমান সংসদীয় কার্যক্রমে দেখা যাচ্ছে সেগুলো কেবলই ‘নির্বাচনী কৌশল’ ছিল। অর্থাৎ, তারা কাজ করার চেয়ে দেখানোর রাজনীতিই বেশি করছেন।

নাহিদ ইসলামের অভিযোগের সপক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, “আমরা তো ‘ঘর পোড়া গরু’। চার মাস চার মাস বলতে বলতে কখন যে আমাদের জীবন থেকে ১৪ বা ১৭ বছর পার হয়ে গিয়েছিল, তা বাংলাদেশের মানুষ বুঝতেই পারেনি। এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়ে সাধারণ মানুষের মাঠে নামতে ১৭ বছর লেগেছে।”

নুসরাত তাবাসসুম আরও উল্লেখ করেন, বর্তমানে দেশ স্বাভাবিক নিয়মেই চলছে। একনেক বৈঠক হচ্ছে, বাজেট পাস হচ্ছে, বড় বড় উন্নয়ন প্রকল্পে বরাদ্দ আসছে, সংসদ বসছে এবং রাষ্ট্রীয় পর্যায়ে বিদেশ সফরও হচ্ছে। কিন্তু ২০২৪ সালের জুলাই বিপ্লবের যে মূল অঙ্গীকার ছিল, তা পূরণে বিন্দুমাত্র কোনো পদক্ষেপ বা নিশানা কোথাও দেখা যাচ্ছে না।

তিনি স্পষ্ট করে বলেন, এই অঙ্গীকারটি কেবল কোনো একক দলের বা নির্বাচনপূর্ব সাধারণ কোনো প্রতিশ্রুতি ছিল না; এটি ছিল পুরো ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মূল চেতনা। ফলে সরকারের কর্মকাণ্ড দেখে জুলাইয়ের চেতনা নিয়ে গাদ্দারির যে আশঙ্কা বা অভিযোগ নাহিদ ইসলাম করেছেন, তা মোটেও অমূলক নয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।