এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফুটবল বিশ্বকাপের শেষ ৩২-এর হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। নকআউট পর্বের এই মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিয়েছে সেলেসাওরা। যুক্তরাষ্ট্রের হিউস্টনের শেল এনার্জি স্টেডিয়ামে রোববার তীব্র গরমের মধ্যে অনুশীলন করেছে কার্লো আনচেলত্তির দল। অনুশীলন সেশনের প্রাপ্ত আভাস অনুযায়ী, স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারানো জয়ী একাদশটিই আজ জাপানের বিপক্ষে ধরে রাখতে পারেন ব্রাজিল কোচ।
রাফিনিয়ার চোট ও রায়ানের ওপর ভরসা
ডান উরুর পেশির চোট কাটিয়ে এখনও পুরোপুরি সেরে ওঠেননি ফরোয়ার্ড রাফিনিয়া। ফলে জাপানের বিপক্ষে নকআউট ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। রাফিনিয়ার অনুপস্থিতিতে স্কটল্যান্ড ম্যাচে দারুণ পারফর্ম করা তরুন রায়ান আবারও শুরুর একাদশে সুযোগ পেতে যাচ্ছেন। শুধু আক্রমণভাগেই নয়, ডান প্রান্ত দিয়ে প্রতিপক্ষের আক্রমণ রুখে দিতে রক্ষণেও তাঁর অবদান নজর কেড়েছে কোচ আনচেলত্তির।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
গোলরক্ষক: আলিসন।
রক্ষণভাগ: দানিলো, মারকিনিয়োস, গাব্রিয়েল মাগালিয়াইস, ডগলাস সান্তোস।
মধ্যমাঠ: কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা।
আক্রমণভাগ: রায়ান, মাথেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।
এই একাদশটি আজ মাঠে নামলে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম টানা দুই ম্যাচে একই দল ব্যবহার করবেন আনচেলত্তি। গ্রুপ পর্বে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করলেও নকআউটের মঞ্চে স্কটল্যান্ড ম্যাচজয়ী কম্বিনেশনেই আস্থা রাখছেন তিনি।
তীব্র গরমে সেট-পিস অনুশীলন
হিউস্টনের প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত আবহাওয়ার মধ্যেই কঠোর অনুশীলন করেছে ব্রাজিল দল। অনুশীলনের প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল। সেখানে আনচেলত্তিকে সেট পিস ও ফ্রি-কিক নিয়ে আলাদাভাবে কাজ করতে দেখা গেছে। এবারের বিশ্বকাপে ম্যাচের আগের দিন সেলেসাওদের অনুশীলনে ডেড-বল পরিস্থিতি নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া নিয়মিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে।
ভিনির ওপর ভরসা, নেইমারকে নিয়ে সতর্কতা
ব্রাজিলের আক্রমণের মূল ভরসা এখন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। গ্রুপ পর্বে ইতিমধ্যে ৪টি গোল করে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। তাঁর গতি, ড্রিবলিং ও ফিনিশিংয়ের ওপরই মূলত নকআউট পর্বে ব্রাজিলের ভাগ্য নির্ভর করছে।
এদিকে, চোট কাটিয়ে দলে ফেরা নেইমার জুনিয়রও দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছেন। স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে কিছুক্ষণ খেলেছেন তিনি। জাপানের বিপক্ষে আজ তাঁর খেলার সময় কিছুটা বাড়তে পারে। তবে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে নকআউটের পরের ধাপগুলোর জন্য তাঁকে ধীরে ধীরে ম্যাচ ফিটনেসে ফেরাতে চায় ব্রাজিল দল। তাই আজ শুরু থেকে তাঁর খেলার সম্ভাবনা কম।
গ্রুপ পর্বের পরিসংখ্যান ও জাপানের চ্যালেঞ্জ
গ্রুপ পর্বে মরক্কোর সঙ্গে ১-১ ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২ নিশ্চিত করে তারা। ৩ ম্যাচে ৭ গোল করার বিপরীতে হজম করেছে মাত্র ১ গোল।
পরিসংখ্যান ব্রাজিলের পক্ষে কথা বললেও প্রতিপক্ষ জাপানকে কোনোভাবেই সহজভাবে নিচ্ছেন না আনচেলত্তি। সাম্প্রতিক সময়ে বড় দলগুলোর বিপক্ষে জাপানের সুশৃঙ্খল রক্ষণভাগ ও দ্রুতগতির ট্রানজিশন ফুটবল বেশ প্রশংসিত হয়েছে। ফলে নকআউটের বাস্তবতা মাথায় রেখে বাড়তি সতর্কতা অবলম্বন করছে ব্রাজিল দল।
ম্যাচের সময়সূচি:
বাংলাদেশ সময় আজ সোমবার (২৯ জুন) রাত ১১টায় শুরু হবে ব্রাজিল বনাম জাপানের এই মাঠের লড়াই। আজ যে দল জিতবে, তারা শেষ ১৬-তে মুখোমুখি হবে নরওয়ে ও আইভরি কোস্ট ম্যাচের বিজয়ীর বিপক্ষে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাঙ্গামাটি | ২৯ জুন, ২০২৬
কুমিল্লা | ২৯ জুন, ২০২৬
রাজবাড়ী | ২৯ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।