নওগাঁয় জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় সিএসও’র ষাণ্মাসিক সভা

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
৮ জুন, ২০২৬ ৬:২৪ পিএম
শেয়ার করুন:
নওগাঁয় জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় সিএসও’র ষাণ্মাসিক সভা

 

নওগাঁয় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয় রোধে করণীয় নিয়ে সুশীল সমাজ সংগঠনের (সিএসও) ষাণ্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) বেলা ১১টায় শহরের প্যারিমোহন পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে ‘এনগেজ’ (ENGAGE) প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করে ডাসকো ফাউন্ডেশন।

ডাসকো ফাউন্ডেশনের জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার টেকনিক্যাল অফিসার তামান্না জেমিন। বিশেষ অতিথি ছিলেন এরিয়া অফিসার মো. তুহিন ইসলাম।

সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে বরেন্দ্র অঞ্চলের ভয়াবহ পরিস্থিতির ওপর আলোকপাত করেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ অঞ্চলে খরাপ্রবণতা বৃদ্ধি পাচ্ছে এবং ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে। পাশাপাশি, অবৈধ ইটভাটার কারণে কৃষি জমির উর্বর মাটি ও পরিবেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে। এই বিরূপ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় নওগাঁ গাঁজা উৎপাদনকারী পুনর্বাসন সমবায় সমিতির (গাঁজা সোসাইটি) অব্যবহৃত বিপুল পরিমাণ জমি ও বহুতল ভবনগুলো নিয়ে বিশেষ আলোচনা হয়। বক্তারা এসব সম্পদ সরকারি তদারকিতে নিয়ে লিজ বা বাণিজ্যিক ব্যবহারের দাবি জানান। তারা উল্লেখ করেন, এটি বাস্তবায়িত হলে সরকার যেমন বিপুল রাজস্ব আয় করবে, তেমনি স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সভায় স্থানীয় সিএসও প্রতিনিধি, পরিবেশকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।