নগরকান্দায় আড়াই কোটি টাকার সড়ক কার্পেটিংয়ে অনিয়ম: মাস না পেরোতেই জোড়াতালি

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
২৪ অক্টোবর, ২০২৬ ৬:৪৬ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় আড়াই কোটি টাকার সড়ক কার্পেটিংয়ে অনিয়ম: মাস না পেরোতেই জোড়াতালি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পুরাপাড়া থেকে চাঁদহাট বাজার পর্যন্ত নবনির্মিত সড়কের কার্পেটিংয়ে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এ সড়কটির কাজ শেষ হওয়ার মাত্র এক মাসের মাথায় বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে জোড়াতালি ও পুটিং করতে দেখা গেছে। এতে সড়কের স্থায়িত্ব নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুরাপাড়া থেকে চাঁদহাট বাজার পর্যন্ত ৫ দশমিক ১৩৮ কিলোমিটার দীর্ঘ সড়কটির সংস্কার কাজের চুক্তিমূল্য প্রায় ২ কোটি ৫২ লাখ টাকা। কাজটি বাস্তবায়ন করছে ‘সাইয়ম এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে, কাজ চলাকালেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা কয়েক দফা কাজ বন্ধ করে দেন। কিন্তু এলাকাবাসীর প্রতিবাদ উপেক্ষা করে প্রভাব খাটিয়ে রাতের আঁধারে সড়কটির কার্পেটিংয়ের কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সংস্কারকাজ চলাকালে উপজেলা প্রকৌশল দপ্তরের কোনো কর্মকর্তা বা তদারকি দলকে মাঠে দেখা যায়নি। ফলে নিজেদের ইচ্ছেমতো কাজ করেছে ঠিকাদারের লোকজন। সড়ক থেকে তুলে নেওয়া পুরোনো খোয়া ও টপসয়েল (উপরিভাগের মাটি) স্থানীয় বেতাল আলিয়া মাদ্রাসার মাঠে মেশিনে গুঁড়ো করে পুনরায় সড়কের কাজে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। ফলে কাজ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয় এবং ঠিকাদারকে তড়িঘড়ি করে জোড়াতালি দিতে হচ্ছে।

এসব অভিযোগ এবং টপসয়েল পুনরায় ব্যবহারের বিষয়ে জানতে চাইলে সাইয়ম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কামাল হোসেন সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

কাজের তদারকির দায়িত্বে থাকা উপজেলা প্রকৌশল দপ্তরের সার্ভেয়ার ইব্রাহিম বলেন, “বৃষ্টির কারণে কার্পেটিংয়ের ফিনিশিংয়ে কিছুটা সমস্যা দেখা দিয়েছিল। বিষয়টি নজরে আসার পর ঠিকাদারকে দিয়ে ক্ষতিগ্রস্ত স্থানগুলো পুনরায় সংস্কার করে নেওয়া হচ্ছে।”

এদিকে নগরকান্দা উপজেলা প্রকৌশলী মো. আমিনুর রহমান জানান, তিনি গত ৩০ জুলাই যোগদান করেছেন। তাঁর দায়িত্ব নেওয়ার আগেই সড়কটির কার্পেটিং সম্পন্ন হয়েছিল। তিনি বলেন, “বৃষ্টির কারণে সড়কের কিছু জায়গায় ত্রুটি হয়েছিল, যা ঠিকাদারকে দিয়ে মেরামত করে দেওয়া হয়েছে।”

বিষয়টি নিয়ে নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাহাবুব আলী মিয়া বলেন, “বর্তমান সরকার সারা দেশে উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও নগরকান্দা ও সালথা উপজেলার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। এ অবস্থায় উন্নয়নকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুযোগ নেই। অনিয়মের দায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারকেই নিতে হবে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।”

সড়কটির নির্মাণকাজে টপসয়েল পুনর্ব্যবহার ও নিম্নমানের সামগ্রীর অভিযোগ তদন্তপূর্বক সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।