খাল খননে গাছ কাটার বিতর্ক: ‘বিএনপি বা ইউপি জড়িত নয়’-বিএনপি সভাপতির দাবি

এম এম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
May 19, 2026 - 22:11
May 19, 2026 - 22:11
খাল খননে গাছ কাটার বিতর্ক: ‘বিএনপি বা ইউপি জড়িত নয়’-বিএনপি সভাপতির দাবি
    ফরিদপুরের বোয়ালমারীতে খাল খনন প্রকল্পের আওতায় কিছু গাছ কাটা নিয়ে সৃষ্টি হওয়া বিতর্কের পর স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
    সোমবার (১৮ মে) গুনবহা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    মতবিনিময় সভায় অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, সারা দেশে চলমান খাল খনন কর্মসূচির অংশ হিসেবে মধুমতী নদী থেকে গুনবহা ইউনিয়নের কামারগ্রাম স্লুইস গেট পর্যন্ত একটি খাল খননের কাজ চলছে। এরই মধ্যে প্রকল্পটির অর্ধেকের বেশি কাজ সম্পন্ন হয়েছে।
    তিনি বলেন, খাল খননের নির্ধারিত স্থানে কিছু ছোট গাছ থাকায় কাজ বাস্তবায়নে সমস্যা দেখা দেয়। বিষয়টি বন বিভাগকে অবহিত করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা খাল খননের কাজে গাছগুলো বাধা সৃষ্টি করছে বলে মত দেন।
    তিনি আরও বলেন, ওই গাছগুলো বন বিভাগের লাগানো এবং সেগুলোর তদারকির জন্য একটি সমিতি রয়েছে। বন বিভাগের নির্দেশনা অনুযায়ী সমিতির মাধ্যমে গাছ অপসারণ করা হয়। কিছু ছোট গাছ সমিতির সভাপতি সংরক্ষণের জন্য বাড়িতে রাখেন এবং বাকি গাছ বোয়ালমারী বন বিভাগের কার্যালয়ে রাখা হয়েছে।
    অ্যাডভোকেট সিরাজুল ইসলাম দাবি করেন, “খাল খনন প্রকল্পটি গুনবহা ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে, তবে গাছ কাটার সঙ্গে ইউনিয়ন পরিষদ, উপজেলা বিএনপি কিংবা আমার কোনো সম্পৃক্ততা নেই। আমরা কোনো গাছ কাটিনি। খাল খননের সফলতায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে।”
    তিনি এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
    এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজান মিয়া, জহুর ইকবাল ঠাকুর পিন্টু, ইউপি সদস্য এনায়েত হোসেন, মো. হাফিজুর রহমান, প্রমূখ উপস্থিত ছিলেন।

    What's Your Reaction?

    like

    dislike

    love

    funny

    angry

    sad

    wow