ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: জনগণের টাকায় বেতন, জনগণের সেবক হয়েই কাজ করতে হবে — ড. মোঃ ইলিয়াস মোল্লা

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Mar 3, 2026 - 16:17
Mar 3, 2026 - 16:17
ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: জনগণের টাকায় বেতন, জনগণের সেবক হয়েই কাজ করতে হবে — ড. মোঃ ইলিয়াস মোল্লা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মোঃ ইলিয়াস মোল্লা। সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ ইলিয়াস মোল্লা বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করতে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন। তিনি আলফাডাঙ্গা উপজেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি তুলে ধরে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, জনগণের টাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন হয়। ভিক্ষুক, রিকশাচালক, কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ থেকেই রাষ্ট্র পরিচালিত হয়। তাই জনগণের সেবক হিসেবেই দায়িত্ব পালন করতে হবে। ঘুষ ও দুর্নীতির কোনো স্থান নেই।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, জনগণের কাছ থেকে কোনো ধরনের উৎকোচ গ্রহণ করা যাবে না। একই সঙ্গে জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি অহংকার পরিহার করে আন্তরিকতা ও সততার সঙ্গে জনগণের পাশে থাকার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন, প্রশাসন জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় আরও বক্তব্য দেন, সহকারী কমিশনার ভূমি এ কে এম রাহানুর রহমান, আলফাডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল হোসাইন, উপজেলা নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত প্রমুখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা স্থানীয় সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং তা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow