১৪ বোতল মদসহ আটক’ হওয়ার গুঞ্জন ওড়ালেন মেহজাবীন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ বোতল বিদেশি মদসহ আটক হয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী—সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ে। তবে এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী। নিজের বিরুদ্ধে হওয়া এমন মানহানিকর অপপ্রচারের কড়া জবাব দেওয়ার পাশাপাশি ইতোমধ্যে তিনি আইনি পদক্ষেপও নিয়েছেন।
সম্প্রতি ছড়িয়ে পড়া ওই গুঞ্জনে দাবি করা হয়েছিল, গত বছরের আগস্ট মাসে ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পথে বিমানবন্দরে মেহজাবীনকে ১৪ বোতল মদসহ আটক করা হয়। সেসময় তার সঙ্গে স্বামী ও নির্মাতা আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্তও ছিলেন। খবরে আরও বলা হয়, লাগেজে অবৈধ মদ পাওয়া গেলেও বিমানবন্দর কর্তৃপক্ষ রহস্যজনক কারণে বিষয়টি গোপন রেখে তাদের ছেড়ে দেয়।
সংবাদমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল সমালোচনা। বিষয়টি নজরে আসার পর গত ২২ ফেব্রুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে অভিযোগটি অস্বীকার করেন মেহজাবীন এবং প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পরবর্তীতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আরেকটি দীর্ঘ পোস্টে পুরো বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।
ফেসবুক পোস্টে মেহজাবীন লেখেন, "সাম্প্রতিক যে ঘটনাটি নিয়ে আমাকে উদ্দেশ্য করে মানহানিকর প্রচার চালানো হয়েছে, সে বিষয়ে আমি ইতোমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করেছি। এ প্রসঙ্গে কয়েকটি বিষয় পরিষ্কারভাবে জানাতে চাই। প্রথমত, উল্লিখিত কোনো ঘটনায় আমাকে কখনোই বিমানবন্দরে থামানো হয়নি। আমার কোনো হ্যান্ডব্যাগ বা লাগেজও আটকানো হয়নি; সুতরাং সেখানে অভিযোগের কিছু পাওয়ার তো প্রশ্নই ওঠে না। যেসব কথা ছড়ানো হচ্ছে, সেরকম কোনো ঘটনার মুখোমুখি আমি হইনি। এমনকি বিমানবন্দরের কোনো কর্মকর্তা আমাকে কোনোরূপ জিজ্ঞাসাবাদও করেননি।"
প্রমাণ ছাড়া ছড়ানো এমন খবরের সমালোচনা করে মেহজাবীন আরও লেখেন, "আমাকে জিজ্ঞাসাবাদ করার বা আমার লাগেজ থেকে অবৈধ কিছু বের হওয়ার কোনো ছবি, ভিডিও বা কোনো ধরনের প্রমাণ কি আছে? যে খবরটি ছড়ানো হয়েছে, তার নিরিখে একটি প্রমাণও কেউ দিতে পারেনি। অথচ কেবল ‘ক্লিকবেইট’-এর (পাঠকের মনোযোগ আকর্ষণের কৌশল) জন্য আমার ছবি ব্যবহার করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে মানহানি করাটা এখন খুব স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে।"
বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, "কারও এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া কাম্য নয়। আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ একেবারেই অমূলক। আমি আবারও বলছি, এই ধরনের অপ্রীতিকর ঘটনার সঙ্গে আমার কোনোই সংশ্লিষ্টতা নেই।"
What's Your Reaction?
বিনোদন ডেস্কঃ