ক্ষমতা হস্তান্তরের পর কেমন কাটছে ড. ইউনূসের সময়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন অন্তর্বর্তী সরকারের বিদায়ী প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তবে দায়িত্ব ছাড়লেও আপাতত তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’তেই অবস্থান করছেন। খুব শিগগিরই তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরে যাবেন বলে জানা গেছে।
নিয়ম অনুযায়ী ক্ষমতা হস্তান্তরের পরও আরও তিন মাস যমুনায় থাকার সুযোগ রয়েছে তাঁর। তবে ড. ইউনূস নিজ থেকেই দ্রুত স্থানটি ছেড়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভবনটি পরিদর্শন করে। ঘনিষ্ঠ সূত্র জানায়, আগামী এক মাসের মধ্যে অথবা ঈদের পর তিনি গুলশানে নিজের বাসভবনে ফিরে যেতে পারেন।
বর্তমানে রাষ্ট্রীয় কাজের চাপ না থাকায় যমুনায় বেশ নির্ভার সময় কাটাচ্ছেন ড. ইউনূস। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কম্পাউন্ডের ভেতরেই কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন তিনি। সকাল ১০টার দিকে বসেন ব্যক্তিগত কাজে।
কর্মকর্তা-কর্মচারীদের প্রতি তাঁর নির্দেশ রয়েছে— কেউ দেখা করতে চাইলে যেন সুযোগ দেওয়া হয়। রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে আগে যাদের সঙ্গে দেখা করতে পারেননি, এখন তিনি তাদের সময় দিচ্ছেন। নানা শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে দেখা করে অন্তর্বর্তী সরকার পরিচালনার অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।
দিনের একটি বড় সময় তিনি অসুস্থ স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কাটাচ্ছেন। বিকেলে আবারও কিছুক্ষণ হাঁটেন। সন্ধ্যাটা কাটে ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়স্বজনের সঙ্গে। এছাড়া অবসরে মেয়ের দুই পোষা বিড়াল ‘মিনু’ ও ‘কায়রো’র সঙ্গেও সময় কাটে তাঁর।
ঘনিষ্ঠ এক সহযোগী জানান, ড. ইউনূস আবারও ‘ইউনূস সেন্টার’-এর নিয়মিত কার্যক্রমে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এ জন্য প্রয়োজনীয় নথিপত্র গোছানোর কাজ চলছে। তিনি তাঁর দীর্ঘদিনের ‘থ্রি জিরো’ (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ) ভিশনকে সামনে রেখে তরুণদের জন্য নতুন কিছু উদ্যোগ নিয়ে ভাবছেন।
বিদেশ থেকেও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পাচ্ছেন তিনি। কোথায় তিনি সশরীরে যাবেন আর কোথায় ভার্চুয়ালি অংশ নেবেন, সে বিষয়ে তাঁকে সহায়তা করছেন এসডিজি বিষয়ক সাবেক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ। আগামী মাসে পাঁচ দিনের এক সফরে তাঁর জাপান যাওয়ার কথা রয়েছে।
জানা গেছে, ক্ষমতা হস্তান্তরের আগেই নিজের লাল (কূটনৈতিক) পাসপোর্ট জমা দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছাড়াও অন্তত ২০ জন উপদেষ্টা ও সমমর্যাদার কর্মকর্তা নির্বাচনের আগেই তাঁদের কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন বলে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রায় দেড় বছর সাফল্যের সঙ্গে দেশ পরিচালনার পর গত ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্য দিয়ে নবনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন মন্ত্রিসভা দেশ পরিচালনা করছে।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ