টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ছবিতে আর্জেন্টিনার সেই ভয়ংকর ফাউল

অনলাইন ডেস্কঃ
২৮ নভেম্বর, ২০২৬ ১:০৫ পিএম
শেয়ার করুন:
টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ছবিতে আর্জেন্টিনার সেই ভয়ংকর ফাউল

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ‘টাইম’-এর বর্ষসেরা ১০০ ছবির তালিকায় জায়গা করে নিয়েছে ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্প্যানিশ ডিফেন্ডার পাউ কুবারসিকে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের করা আলোচিত ফাউলের একটি নাটকীয় দৃশ্য।

শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াইয়ের পাশাপাশি দুই দলের খেলোয়াড়দের শারীরিক সংঘর্ষও বেশ আলোচনার জন্ম দিয়েছিল। ম্যাচের অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শুরুর আগের যোগ করা সময়ে কুবারসিকে বিপজ্জনকভাবে ট্যাকল করেন এনজো। এর আগেই রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় একটি হলুদ কার্ড দেখেছিলেন তিনি। ফলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয় এই আর্জেন্টাইন মিডফিল্ডারকে। 

এনজোর কঠিন ট্যাকলে স্প্যানিশ ডিফেন্ডার কুবারসির শূন্যে ছিটকে পড়ার সেই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন গেটি ইমেজের মার্কিন ক্রীড়া আলোকচিত্রী আল বেল্লো। ভিডিওতে ঘটনাটি স্বাভাবিক ফাউল মনে হলেও বেল্লোর স্থিরচিত্রে মুহূর্তটি অত্যন্ত নাটকীয়ভাবে ধরা পড়েছে। ছবিতে দেখা যায়, ট্যাকলের ধাক্কায় মাটি ছেড়ে এনজোর মাথার ওপর দিয়ে যেন শূন্যে ভেসে যাচ্ছেন কুবারসি। মাঠের সবুজ ঘাস, মাঝমাঠের সাদা রেখা এবং দুই খেলোয়াড়ের নিখুঁত ছায়া ছবিটিকে অনন্য এক মাত্রা দিয়েছে। বিশ্বজুড়ে প্রশংসিত এই আলোকচিত্রী ক্রীড়া জগতের গুরুত্বপূর্ণ মুহূর্ত ফ্রেমবন্দি করে এর আগেও বহু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।

তালিকায় গাজার ধ্বংসস্তূপে ফুটবলের ছবি
টাইম ম্যাগাজিনের ২০২৬ সালের সেরা ১০০ ছবির তালিকায় ফুটবলের আরও একটি হৃদয়স্পর্শী দৃশ্য স্থান পেয়েছে। যুদ্ধবিধ্বস্ত গাজা সিটিতে ফিলিস্তিনি ফুটবলারদের অনুশীলনের সেই ছবিটি ধারণ করেন বার্তা সংস্থা এপির আলোকচিত্রী জেহাদ আলশরাফি।

ছবিটিতে দেখা যায়, ‘গাজা স্পোর্টস ক্লাব’-এর বিপক্ষে একটি ম্যাচের প্রস্তুতি হিসেবে অনুশীলন করছেন ‘আল-আহলি ক্লাব’-এর খেলোয়াড়েরা। হামলার ফলে গাজার প্রধান স্টেডিয়ামসহ চারপাশের বহুতল ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। পরবর্তীতে ফিলিস্তিনি ফুটবল ফেডারেশন সেই ধ্বংসস্তূপ সরিয়ে পুরোনো কৃত্রিম ঘাস বসিয়ে মাঠটি কোনোমতে খেলার উপযোগী করে তোলে। ধ্বংসের মাঝেও টিকে থাকা এই মাঠটি স্থানীয় দলগুলোর পাশাপাশি যুদ্ধাহত ও শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়া ক্রীড়াবিদদেরও মাঠে ফেরার নতুন আশা জুগিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।