পিবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২৩ নভেম্বর, ২০২৬ ৬:১৮ পিএম
শেয়ার করুন:
পিবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, “ঐতিহাসিক এই দিনে স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী সিদ্ধান্তে দেশপ্রেমিক সিপাহী ও জনতার অভূতপূর্ব ঐক্যের মাধ্যমে জাতি এক চরম ক্রান্তিকাল থেকে মুক্তি পেয়েছিল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য সুদৃঢ় করা, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অস্তিত্ব রক্ষার অবিনাশী চেতনায় চিরকাল উদ্বুদ্ধ করে।”

অনুষ্ঠানে অন্যান্য আলোচকবৃন্দ সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের পটভূমি, গণতান্ত্রিক উত্তরণ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে এ দিবসের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, জাতীয় যেকোনো সংকটময় মুহূর্তে দেশপ্রেম এবং ঐক্যবদ্ধ সংহতির কোনো বিকল্প নেই।

আলোচনা সভা শেষে ‘বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের সূচনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।