মাঝসাগরে দালালদের সঙ্গে লড়াই, উপকূলে ফিরলেন ২৮ জিম্মি

অনলাইন ডেস্কঃ
২১ নভেম্বর, ২০২৬ ১০:৪০ এএম
শেয়ার করুন:
মাঝসাগরে দালালদের সঙ্গে লড়াই, উপকূলে ফিরলেন ২৮ জিম্মি

মালয়েশিয়া নেওয়ার প্রলোভন ও কাজের ফাঁদে ফেলে সাগরে জিম্মি করা হয়েছিল তাদের। গভীর সমুদ্রে টানা কয়েক দিন অমানবিক নির্যাতন ও পরিবারের কাছে বিপুল অঙ্কের মুক্তিপণ দাবির মুখে একপর্যায়ে দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়ান ভুক্তভোগীরা। মাঝসাগরে পাচারকারীদের সঙ্গে রক্তক্ষয়ী লড়াইয়ের পর ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে নিজেরাই চালিয়ে কক্সবাজার উপকূলে ফিরে এসেছেন নারী ও শিশুসহ ২৮ জন। 

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টসংলগ্ন শৈবাল পয়েন্টে ট্রলারটি পৌঁছায়। পরে স্থানীয় লোকজন, বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ২৪ জন পুরুষ, দুজন নারী ও দুটি শিশু রয়েছে। 

উদ্ধার হওয়া ব্যক্তিদের দাবি, ট্রলারটিতে মোট ৭২ জন যাত্রী ছিলেন। এর মধ্যে দালালচক্র অন্তত সাতজনকে সাগরে ফেলে দিয়েছে বলে তারা অভিযোগ করেন। বাকিদের ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

কাজের প্রলোভন থেকে বন্দিদশা
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাউকে ভালো বেতনের কাজের প্রলোভন দেখিয়ে, আবার কাউকে বিদেশে পাঠানোর কথা বলে টেকনাফে নিয়ে যাওয়া হয়। সেখানে সুপারি বাগান বা বিভিন্ন গোপন আস্তানায় তাদের আটকে রাখা হতো। কেড়ে নেওয়া হতো মুঠোফোন। এরপর সুযোগ বুঝে মেরিন ড্রাইভ দিয়ে রাতের আঁধারে ছোট নৌকায় করে তাদের গভীর সমুদ্রে থাকা বড় ট্রলারে তোলা হয়। সেখানে শুরু হয় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ও মুক্তিপণ আদায়ের চেষ্টা। দিনে মাত্র দুই বেলা সামান্য খাবার দিয়ে আটকে রাখা হতো তাদের।

উখিয়ার কোটবাজারের বাসিন্দা রিদুয়ান হোসাইন জানান, টেকনাফে বেড়াতে গিয়ে তিনিসহ তিন বন্ধু পাচারকারীদের খপ্পরে পড়েন। তাদের আট দিন একটি ঘরে আটকে রেখে পরে ট্রলারে তোলা হয়। সাগরে নেওয়ার পর জনপ্রতি প্রায় ৫০ লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করে দালালরা। 

যেভাবে এলো মুক্তি
ভুক্তভোগীরা জানান, মুক্তিপণের বিষয়ে কয়েকজন বয়স্ক ব্যক্তি ট্রলারের মাঝির সঙ্গে কথা বলতে গেলে তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়। এতে ট্রলারে থাকা যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং একপর্যায়ে দালালদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলেন। নিরস্ত্র যাত্রীদের তীব্র প্রতিরোধের মুখে অস্ত্রধারী দালালরা কোণঠাসা হয়ে পড়ে। একপর্যায়ে দালালচক্রের সদস্যরা অন্য একটি নৌকায় করে পালিয়ে যায়। এরপর যাত্রীরা নিজেরাই ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে কক্সবাজার উপকূলের দিকে চালিয়ে আসেন। শৈবাল পয়েন্টে এসে ট্রলারটি আটকে গেলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের উদ্ধার করে। 

স্বজনদের কাছে মুক্তিপণের হুমকি 
শুধু সাগরে আটক থাকা ব্যক্তিরাই নন, চরম মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন তাদের পরিবারের সদস্যরাও। পাচারের শিকার উখিয়ার এক যুবকের বাবা সাইফুল ইসলাম জানান, ১০ দিন ধরে ছেলের খোঁজ না পেয়ে তিনি দিশেহারা ছিলেন। হঠাৎ অচেনা নম্বর থেকে ফোন করে বলা হয়, “ছেলের কবর পেয়েছেন কি না?” এরপর ছেলেকে মারধর করার শব্দ শুনিয়ে দেড় ঘণ্টার মধ্যে এক লাখ ২০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে তাকে মিয়ানমারের দালালদের কাছে বিক্রি কিংবা হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য  
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সৈকত থেকে উদ্ধার হওয়া ২৮ জনকে নিরাপদে থানায় নিয়ে আসা হয়। তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ ও জড়িতদের তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মানবপাচার চক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।