সাড়ে চার ঘণ্টার চেষ্টায় টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্কঃ
১৪ অক্টোবর, ২০২৬ ৪:১১ পিএম
শেয়ার করুন:
সাড়ে চার ঘণ্টার চেষ্টায় টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের (ইউনিট-২) কারখানায় লাগা ভয়াবহ আগুন প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। ফায়ার সার্ভিসের ২০টি এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটিসহ মোট ২১টি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। 

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে কারখানার সামনে এক প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরিন জুনাইদ সাংবাদিকদের এ তথ্য জানান। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১০টা ১০ মিনিটে টঙ্গীর চেরাগ আলী স্কুইব রোড সংলগ্ন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানাটির একটি চারতলা ভবনের চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। কারখানাটিতে বিপুল পরিমাণ কেমিক্যাল ও দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন পার্শ্ববর্তী ভবনেও ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও গাজীপুরের বিভিন্ন স্টেশন থেকে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণে অংশ নেয়। পরবর্তীতে উদ্ধারকাজে যোগ দেয় সেনাবাহিনীর একটি ইউনিট। অগ্নিনির্বাপণ ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বিজিবি ও স্থানীয় প্রশাসন একযোগে কাজ করে। দ্রুত পানি সরবরাহে সহায়তা করে গাজীপুর সিটি করপোরেশন এবং ঘটনাস্থলে বিজিবির একটি মেডিকেল টিম উপস্থিত ছিল।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় বিভিন্ন বাহিনীর সমন্বয়ে দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং পার্শ্ববর্তী আর কোনো ভবনে তা ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি নেই। 

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত সাপেক্ষে আগুনের মূল কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণ করা হবে।

এদিকে ঘটনার খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।