চরভদ্রাসনের দুর্গম ঝাউকান্দায় স্বাস্থ্যক্লিনিক ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
১১ অক্টোবর, ২০২৬ ১০:৪৫ এএম
শেয়ার করুন:
চরভদ্রাসনের দুর্গম ঝাউকান্দায় স্বাস্থ্যক্লিনিক ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন ও দুর্গম চর ঝাউকান্দা ইউনিয়নে স্বাস্থ্যক্লিনিক স্থাপন, টেকসই সড়ক নির্মাণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ এবং নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। 

শনিবার (১০ অক্টোবর) চর ঝাউকান্দা ইউনিয়নে বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্যচাষিদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব দাবি তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এজিএম বাদল আমিন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মনজুরুল হক মৃধা এবং চর ঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুজ্জামান মৃধা। এ ছাড়া স্থানীয় ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় স্থানীয় নেতৃবৃন্দ চরাঞ্চলবাসীর দীর্ঘদিনের বঞ্চনা ও ভোগান্তির চিত্র তুলে ধরেন। বক্তারা বলেন, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় এই চরের বাসিন্দারা ন্যূনতম নাগরিক সুবিধা ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। বিশেষ করে রাতের বেলা কোনো রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়লে নদী পারাপারের অভাবে চরম সংকটে পড়তে হয়। 

এ সময় চরাঞ্চলের জীবনমান উন্নয়নে জরুরি ভিত্তিতে একটি স্বাস্থ্যক্লিনিক স্থাপন, ইউনিয়ন পরিষদ কার্যালয় ও খেলার মাঠ নির্মাণ, অভ্যন্তরীণ পাকা রাস্তা এবং রাতে জরুরি রোগী পারাপারের সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি ভাঙনকবলিত এ জনপদ রক্ষায় দ্রুত স্থায়ী বেড়িবাঁধ ও শতভাগ বিদ্যুৎ সংযোগের দাবি জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, “নির্বাচনের আগে প্রতিকূলতার কারণে হয়তো আপনাদের সবার দ্বারে দ্বারে পৌঁছাতে পারিনি, কিন্তু আপনারা আমার ওপর আস্থা রেখেছেন। আপনাদের সেই আস্থার প্রতিদান দিতে চরাঞ্চলের সার্বিক উন্নয়ন ও দুঃখ-দুর্দশা লাঘবে আমি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব।” 

ত্রাণ ও পুনর্বাসন সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, “প্রকৃত কার্ড পাওয়ার যোগ্য ব্যক্তিরা এ বছরই তা পেয়ে যাবেন। অবশিষ্টদের আগামী বছরের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, ইনশাল্লাহ।”

তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দকে চরাঞ্চলের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে একটি সমন্বিত চাহিদাপত্র তৈরির পরামর্শ দিয়ে বলেন, সুনির্দিষ্ট তালিকা পেলে প্রয়োজনীয় সরকারি বরাদ্দ ও উন্নয়ন প্রকল্প অনুমোদন করানো সহজ হবে। নদীভাঙন প্রতিরোধে আগামী বছরের মধ্যেই প্রাথমিকভাবে জিও ব্যাগ ডাম্পিংসহ কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।

ত্রাণ বিতরণ ও আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত নেতৃবৃন্দ স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. বদরুজ্জামান মৃধার বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।