প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নোয়াখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
১১ অক্টোবর, ২০২৬ ১০:৫১ এএম
শেয়ার করুন:
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নোয়াখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালী সদর উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে রবিউল হোসেন (১৯) নামের এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন। 

শনিবার (১০ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। এর আগে, গত সোমবার (৫ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রবিউল হোসেন একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, তার মেয়ে আগে একটি মাদ্রাসায় পড়লেও বর্তমানে তার লেখাপড়া বন্ধ রয়েছে। প্রতিবেশী রবিউল দীর্ঘদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। 

তিনি অভিযোগ করে বলেন, গত সোমবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে তার মেয়ে ঘরের বাইরে বের হয়। বাথরুম থেকে ঘরে ফেরার সময় রবিউল তাকে জোরপূর্বক রান্নাঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি জানতে পেরে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করেন। তবে অভিযুক্তের পরিবার বিষয়টি অস্বীকার করে উল্টো তাদের গালিগালাজ ও ভয়ভীতি দেখায়। ঘটনার পর থেকে রবিউল পলাতক রয়েছে এবং তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, "ভুক্তভোগী পরিবার থানায় এসেছে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চালাচ্ছেন।" 

তিনি আরও জানান, কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। পুরো বিষয়টি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।