১৫ বছর পর পর্দায় ফিরছেন শাহরুখ-কারিনা জুটি

অনলাইন ডেস্কঃ
৭ অক্টোবর, ২০২৬ ১১:৪২ এএম
শেয়ার করুন:
১৫ বছর পর পর্দায় ফিরছেন শাহরুখ-কারিনা জুটি

এক যুগেরও বেশি সময় পর আবারও বলিউড পর্দায় একফ্রেমে দেখা যেতে পারে জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কারিনা কাপুর খানকে। শাহরুখের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর একটি বিশেষ গানের মাধ্যমে প্রায় ১৫ বছর পর পর্দায় ফিরছেন তাঁরা। 

ভারতীয় বিনোদনভিত্তিক পোর্টাল *পিংকভিলা*-র এক প্রতিবেদনে জানা গেছে, সিনেমাটির ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি জমকালো গানে শাহরুখের সঙ্গে বিশেষ উপস্থিতিতে থাকবেন কারিনা। দক্ষিণ আফ্রিকায় বড় পরিসরে গানটির দৃশ্যধারণের পরিকল্পনা চলছে এবং চলতি মাসের শেষ দিকে শুটিংয়ের জন্য প্রায় পাঁচ দিনের শিডিউল দিয়েছেন কারিনা।

প্রতিবেদন অনুযায়ী, ‘ড্যাডি কুল’ গানটিকে সিনেমার অন্যতম বড় আকর্ষণ হিসেবে গড়ে তোলা হচ্ছে। এতে শাহরুখ ও কারিনাকে একেবারেই নতুন ও চমকপ্রদ অবতারে দেখা যাবে। সঙ্গীত পরিচালক জুটি শচীন-জিগরের সুরে তৈরি এ গানে আরও বড় চমক হিসেবে থাকছেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী এবং একজন ভারতীয় শিল্পী, যাদের নাম নির্মাতারা এখনো চমক হিসেবেই রেখেছেন।

এর আগে ‘কভি খুশি কভি গম’ ও ‘অশোকা’ সিনেমায় এই জুটির রসায়ন দারুণ প্রশংসিত হয়েছিল। সর্বশেষ ২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা ওয়ান’ সিনেমায় তাঁদের একসঙ্গে অভিনয় করতে দেখা যায়। ফলে দীর্ঘ বিরতির পর ‘কিং’-এর হাত ধরে এই জুটির পুনর্মিলন নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের ব্যানারে নির্মিতব্য ‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। যৌথভাবে এটি প্রযোজনা করছেন গৌরী খান, সিদ্ধার্থ আনন্দ ও মমতা আনন্দ। সিনেমাটিতে শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানী মুখার্জি, জয়দীপ আহলাওয়াত ও আরশাদ ওয়ারসি প্রমুখ।

এদিকে, আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন ঘিরে ‘কিং’ সিনেমার কোনো বিশেষ ঝলক বা বড় ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে গানের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য নির্মাতাদের পক্ষ থেকে এখনও দেওয়া হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।