নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫: মুচলেকায় ছাড়া পেল ৪৪ জন

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
৪ অক্টোবর, ২০২৬ ১০:৫৫ এএম
শেয়ার করুন:
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫: মুচলেকায় ছাড়া পেল ৪৪ জন

নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজনকে পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি ৪৪ জনকে ভবিষ্যতে অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ানোর শর্তে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। 

শনিবার (৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পেয়ার আহমেদ। এর আগে শুক্রবার (২ অক্টোবর) দিনভর জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সরাসরি নির্দেশনা ও তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দমন, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই নিয়মিত এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পুলিশের দেওয়া তথ্যমতে, সুধারাম মডেল থানায় ছয়জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে আগের মামলা থাকায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় এবং বাকি পাঁচজনকে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়। 

এছাড়া অন্যান্য থানার মধ্যে কোম্পানীগঞ্জে ১২ জন, কবিরহাটে ৭ জন, বেগমগঞ্জ মডেল থানায় ৬ জন, সোনাইমুড়ীতে ৬ জন, চাটখিলে ৬ জন এবং চরজব্বর থানায় ২ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের অভিভাবকদের থানায় ডেকে এনে সতর্কতামূলক মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পেয়ার আহমেদ বলেন, “কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধ ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। শুধু পুলিশি পদক্ষেপই যথেষ্ট নয়; কিশোরদের সঠিক পথে রাখতে এবং নিরাপদ পরিবেশ তৈরিতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধিসহ সমাজের সব স্তরের মানুষকে নিয়ে সচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।