আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে শিক্ষকের দুটি গরু চুরি

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
৪ অক্টোবর, ২০২৬ ১০:৪৪ এএম
শেয়ার করুন:
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে শিক্ষকের দুটি গরু চুরি

নওগাঁর আত্রাইয়ে এক স্কুলশিক্ষকের গোয়ালঘরের জানালার ইট খুলে অভিনব কায়দায় দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার মস্কিপুর-আবাদপুকুর সড়কসংলগ্ন মস্কিপুর বাজারে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী শিক্ষকের নাম আনিছার রহমান। তিনি উপজেলার মস্কিপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। 

ভুক্তভোগী শিক্ষক আনিছার রহমান জানান, প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায় গোয়ালঘরে চারটি গরু রেখে দরজায় তালা লাগিয়ে তিনি পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। শনিবার ভোরে ফজরের নামাজ শেষে গরু বের করার জন্য গোয়ালঘরের কাছে গিয়ে দেখেন, পেছনের জানালার বেশ কয়েকটি ইট খোলা। পরে ভেতরে ঢুকে দেখতে পান, চারটি গরুর মধ্যে বড় দুটি গরু নেই। চোরেরা জানালা ভেঙে গরু দুটি বের করে নিয়ে গেছে। চুরি যাওয়া গরু দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় পৌনে দুই লাখ টাকা বলে জানান তিনি।

এদিকে চুরির খবর পেয়ে শনিবার সকালে আত্রাই থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, “গরু চুরির খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে এবং চুরি যাওয়া গরু উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।