গ্রেপ্তার ছাত্রলীগ নেতা ছেলেকে থানায় দেখতে গিয়ে বাবাও গ্রেপ্তার, দুজনেই কারাগারে

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
৪ অক্টোবর, ২০২৬ ১০:৪৬ এএম
শেয়ার করুন:
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা ছেলেকে থানায় দেখতে গিয়ে বাবাও গ্রেপ্তার, দুজনেই কারাগারে

নোয়াখালীর সোনাইমুড়ীতে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতা ছেলেকে দেখতে থানায় গিয়ে গ্রেপ্তার হয়েছেন বাবা আব্দুল মান্নান (৫৮)। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বাবা ও ছেলে দুজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার সকালে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার দুপুরে তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন—সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ (২১) এবং তার বাবা চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান (৫৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সোনাইমুড়ীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে হওয়া একটি মিছিলের ঘটনায় ছাত্রলীগ নেতা সাব্বির আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। ছেলের গ্রেপ্তারের খবর পেয়ে সোনাইমুড়ী থানায় তাকে দেখতে যান বাবা আব্দুল মান্নান। সেখানে যাওয়ার পর পুলিশ তাকেও আটক করে। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাবা-ছেলের কারও বিরুদ্ধেই অতীতে কোনো মামলা ছিল না।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।