৪৮ বছর বয়সে ইমরান তাহিরের বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্কঃ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ৫:১২ পিএম
শেয়ার করুন:
৪৮ বছর বয়সে ইমরান তাহিরের বিশ্বরেকর্ড

সাধারণত এই বয়সে ক্রিকেটাররা বুটজোড়া তুলে রেখে পরিবারের সঙ্গে সময় কাটান, কিংবা বেছে নেন কোচিংয়ের মতো পেশা। তবে ইমরান তাহির যেন ব্যতিক্রমী এক চরিত্র। বয়সকে কেবলই একটি সংখ্যা বানিয়ে এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অনন্য এক বিশ্বরেকর্ড গড়েছেন সাবেক এই প্রোটিয়া লেগ-স্পিনার।

সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের শুধু অধিনায়কত্বই করছেন না, সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে নিয়ে গেছেন পয়েন্ট টেবিলের শীর্ষে। সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে মাঠে নেমে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন তাহির। তার দুর্দান্ত স্পেল ও নৈপুণ্যে ৪ উইকেটে জয় পায় গায়ানা।

ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ১৭ রান খরচায় ৫টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তাহির। আর এতেই টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে এক ইনিংসে ৫ উইকেট (ফাইফার) নেওয়ার নতুন বিশ্বরেকর্ড গড়েন তিনি। রেকর্ডটি গড়ার দিনে তার বয়স ছিল ৪৭ বছর ১৬৬ দিন। দুর্দান্ত এই পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তারই হাতে।

আশ্চর্যের বিষয় হলো, টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে ফাইফার নেওয়ার শীর্ষ পাঁচের তালিকায় তিনবারই রয়েছে ইমরান তাহিরের নাম! তালিকার প্রথম, তৃতীয় ও পঞ্চম স্থানটি এখন তারই দখলে। 

তালিকায় দুই নম্বরে রয়েছেন কুক আইল্যান্ডের ক্রিকেটার তোমাকানুতে রিতায়া (৪৬ বছর ২৯৯ দিন) এবং চার নম্বরে আছেন বুলগেরিয়ার ক্রিকেটার প্রকাশ মিশ্রা (৪৪ বছর ৩২৩ দিন)।

অধিনায়কের এমন স্মরণীয় দিনে টুর্নামেন্টে নিজেদের সপ্তম জয় তুলে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ৮ ম্যাচে ৭ জয় ও ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফেলকনস। এছাড়া তালিকার তিনে জামাইকা ও চারে রয়েছে সেন্ট লুসিয়া কিংস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।