এমন জীবন কখনও কাটাইনি: তমা

অনলাইন ডেস্কঃ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১১ পিএম
শেয়ার করুন:
এমন জীবন কখনও কাটাইনি: তমা

করপোরেট দুনিয়ায় পা রেখে দৈনন্দিন জীবনের ছন্দ পুরোপুরি বদলে গেছে চিত্রনায়িকা তমা মির্জার। রাত জেগে শুটিং কিংবা অনিয়মিত জীবনযাপনের অভ্যাস অতীত—এখন সকাল হতেই ঘড়ির কাঁটা ধরে তাঁকে ছুটতে হচ্ছে অফিসের পথে। সম্প্রতি একটি বেসরকারি ব্যাংকের ‘ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস’ বিভাগে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) পদে যোগ দিয়েছেন এই অভিনেত্রী।

জীবনের এই নতুন অধ্যায় ও অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে তমা মির্জা জানান, তাঁর জীবনের স্বাধীনতা এখন অনেকটাই ব্যাংকের নিয়মে বাঁধা পড়েছে। নিজের এই পরিবর্তন নিয়ে তিনি বলেন, “এমন জীবন আমি আগে কখনো কাটাইনি। আগে দীর্ঘ সময় শুটিং করতাম, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম কিংবা গভীর রাত জেগে সিনেমা দেখতাম। এখন আমাকে রাত ১২টার পর আর ফোনে পাওয়া যাবে না। কারণ সকালে উঠে সময়মতো ব্যাংকে পৌঁছাতে হলে দ্রুত ঘুমিয়ে পড়তে হয়।” চাকরিজীবীদের অনুভূতির কথা তুলে ধরে তিনি আরও যোগ করেন, “এখন বুঝতে পারছি, যারা চাকরি করেন তাঁদের জন্য সাপ্তাহিক ছুটি কতটা আনন্দের ও স্বস্তির।”

তবে ব্যাংকের দায়িত্বশীল পদে যোগ দেওয়ায় অভিনয় কি থেমে যাবে? ভক্তদের আশ্বস্ত করে তমা মির্জা স্পষ্ট জানান, অভিনয় ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। তিনি বলেন, “অভিনয় ছেড়ে আমি কীভাবে থাকব? এটি তো আমার প্রথম ও মূল পরিচয়। ছোটখাটো কাজগুলো সাধারণত ছুটির দিনেই সেরে ফেলি। আর বড় কোনো প্রজেক্টের প্রস্তাব এলে সময় অনুযায়ী আলাদা পরিকল্পনা করব।”

উল্লেখ্য, তমা মির্জাকে সর্বশেষ দেখা গেছে শিহাব শাহীন পরিচালিত ‘দাগী’ সিনেমায়, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো। বর্তমানে নির্মাতা ভিকি জাহেদের ‘খলনায়ক’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।