বেগমগঞ্জের বাংলাবাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
২৮ আগস্ট, ২০২৬ ১১:৩৩ এএম
শেয়ার করুন:
বেগমগঞ্জের বাংলাবাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাবাজারে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পের উদ্বোধন করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন। উদ্বোধন শেষে তিনি পুলিশ ক্যাম্পটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর, আমানউল্লাহপুর, আলাইয়ারপুর ও জিরতলী—এই চারটি ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই বাংলাবাজারে এ অস্থায়ী পুলিশ ক্যাম্পটি স্থাপন করা হয়েছে। 

ক্যাম্প উদ্বোধন শেষে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামছুজ্জামানের সভাপতিত্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সমাজে অপরাধ দমনে পুলিশ ও সাধারণ জনগণের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশ সর্বদা জনগণের পাশে থাকবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ.ন.ম ইমরান খাঁন। এছাড়া স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মতবিনিময় সভায় অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।