কক্সবাজারে একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির সাবেক এমপি বদি-ব্রিগেডিয়ার মিফতাহ

অনলাইন ডেস্কঃ
২৫ আগস্ট, ২০২৬ ১২:১০ পিএম
শেয়ার করুন:
কক্সবাজারে একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির সাবেক এমপি বদি-ব্রিগেডিয়ার মিফতাহ

কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি এবং সেনা হেফাজতে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁদের ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।

২০১৮ সালে সংঘটিত বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নিয়ে পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং হেফাজতে থাকা আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন:
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম, অবসরপ্রাপ্ত কর্নেল আনোয়ার লতিফ খান, অবসরপ্রাপ্ত মেজর রুহুল আমিন, সাবেক ডিজিএফআই কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব এবং লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান।

ঘটনার বিবরণ:
আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ২৬ মে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে টেকনাফের কিরণতলী এলাকার ‘হোটেল নেটং’-এর সামনে থেকে কাউন্সিলর একরামুল হককে তুলে নেওয়া হয়। পরবর্তীতে একই দিন রাত ১১টা থেকে ১২টার মধ্যে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ার মেরিন ড্রাইভ সড়কে র‍্যাবের কথিত ‘বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হন।

উল্লেখ্য, একরামুল হকের এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাতজন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ওই নিষেধাজ্ঞার তালিকায় তৎকালীন র‍্যাব মহাপরিচালক বেনজীর আহমেদের পাশাপাশি তৎকালীন র‍্যাব-৭-এর অধিনায়ক মিফতাহ উদ্দিন আহমেদের নামও ছিল। পরবর্তীতে এই হত্যাকাণ্ডের অভিযোগে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে গত ২৭ জুলাই রাতে সেনা হেফাজতে নেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।