আলফাডাঙ্গায় জমি বিরোধ মীমাংসার কথা বলে দম্পতিকে পিটিয়ে জখম

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
২২ আগস্ট, ২০২৬ ১০:৫৮ এএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গায় জমি বিরোধ মীমাংসার কথা বলে দম্পতিকে পিটিয়ে জখম

ফরিদপুরের আলফাডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির কথা বলে ডেকে নিয়ে এক দম্পতিকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় স্বামী এনামুল হককে (৪৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে তাঁর স্ত্রী সালমা বেগম (৪০) বর্তমানে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্বপাড়া কাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন শুক্রবার (২১ আগস্ট) দুপুরে আহত দম্পতির মেয়ে বাদী হয়ে ছয়জনকে অভিযুক্ত করে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্র ও থানা অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বপাড়া এলাকার বাসিন্দা এনামুল হকের সঙ্গে তাঁর ভাতিজা ওবায়দুল খান ওরফে হিরা (৪০) ও একই বংশের কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে ওই বিরোধের সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়ে এনামুল হককে অভিযুক্তদের বাড়িতে ডেকে নেওয়া হয়। 

অভিযোগে উল্লেখ করা হয়, সেখানে জমি সংক্রান্ত আলোচনা চলার একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর জের ধরে ওবায়দুল খান ওরফে হিরাসহ অভিযুক্তরা হঠাৎ ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে এনামুল হককে বেধড়ক পেটাতে থাকেন। এ সময় এনামুলের চিৎকার শুনে তাঁর স্ত্রী সালমা বেগম স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাঁকেও কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।

পরে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ওই দম্পতিকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এনামুল হকের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবিদ হোসেন উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। 

এ বিষয়ে অভিযুক্ত ওবায়দুল খান ওরফে হিরার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল-আমিন জানান, “এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।