সদরপুরে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু, আহত ১

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
১৪ আগস্ট, ২০২৬ ২:৫০ পিএম
শেয়ার করুন:
সদরপুরে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু, আহত ১

ফরিদপুরের সদরপুরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ৩৩ হাজার ভোল্টের খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব শেখ (২৫) নামে এক নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় রুবেল শেখ (৩২) নামে আরেক শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালিখোলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব শেখ ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবিল মুন্সীর ডাঙ্গী গ্রামের ওসমান শেখের ছেলে। আহত রুবেল শেখ একই উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের সিঅ্যান্ডবি ঘাট এলাকার শাহজাহান শেখের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কালিখোলার পার্শ্ববর্তী ১৪ রশি বাজারের ব্যবসায়ী রাজিব বণিকের একটি নির্মাণাধীন ভবনে শ্রমিকেরা কাজ করছিলেন। ভবনের ঠিক সামনে থাকা একটি খুঁটিতে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও খোলা অবস্থায় রয়েছে। শুক্রবার সকালে ভবনের ছাদে বিমের রড সাজানোর সময় অসাবধানতাবশত সজিবের হাতের একটি লম্বা রড ওই সঞ্চালন লাইনের সংস্পর্শে আসে। এতে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনই ছিটকে পড়েন। 

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দ্রুত সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজিব শেখকে মৃত ঘোষণা করেন। আহত রুবেল শেখকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

খবর পেয়ে সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন। তিনি জানান, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণভাবে ৩৩ হাজার ভোল্টের খোলা সঞ্চালন লাইন থাকায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত এই লাইন নিরাপদ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।